জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত নিরাপত্তার দাবি

ছবি: আগামীর সময়
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতা তপন দত্ত।
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটি।
এ সময় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও জাহাজভাঙা শিল্পে বিদ্যমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অবসান ঘটানোর দাবি জানানো হয়।
সেফটি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং বিলস চট্টগ্রাম কেন্দ্রের কো-অর্ডিনেটর ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তপন দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন।
তপন দত্ত বলেছেন, ‘প্রতিনিয়ত দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, বিষাক্ত গ্যাসের সংস্পর্শ এবং সুরক্ষা সরঞ্জামের অভাবে শ্রমিকদের জীবন হুমকির মুখে পড়ছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।’



