নাগরিক সমস্যা নিয়ে চসিকের গণশুনানি

ছবি: আগামীর সময়
নাগরিকদের অভিযোগ শোনা ও সরাসরি সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণশুনানি হয়েছে। এতে বাসিন্দারা তাদের সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।
গণশুনানিতে সভাপতিত্ব করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং শুলকবহর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েব উদ্দিন খান।
শুনানিতে নাগরিকেরা মূলত এলাকার ভাঙা সড়ক, অবকাঠামোগত সমস্যা, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জন্মনিবন্ধন সেবা পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
নাগরিকদের অভিযোগ ও প্রত্যাশা শোনার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গণশুনানিতে জানানো হয়, সরাসরি মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। এর মাধ্যমে সিটি করপোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়। বাসযোগ্য নগর গড়তে ওয়ার্ডভিত্তিক এমন গণশুনানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে চসিকের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সচিব মোহাম্মদ হানিফ, জন্মনিবন্ধন সহকারী বনশ্রী সেনগুপ্ত, সড়ক তদারককারী, পরিচ্ছন্নতা সুপারভাইজারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।




