চমেক ও চসিকে ৩ কোটি টাকার ওষুধ দিল ডাইরেক্ট রিলিফ

ডাইরেক্ট রিলিফের ওষুধ হস্তান্তর
দরিদ্র রোগীদের বিনামূল্যে বিতরণের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যকেন্দ্রে প্রায় তিন কোটি টাকার ওষুধ দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা ডাইরেক্ট রিলিফ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মাধ্যমে এই ওষুধ সহায়তা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার পৃথক অনুষ্ঠানে এসব ওষুধ হস্তান্তর করা হয়। এর মধ্যে চমেক হাসপাতাল পেয়েছে প্রায় দুই কোটি টাকার এবং চসিকের স্বাস্থ্যকেন্দ্রগুলো পেয়েছে এক কোটি টাকার ওষুধ।
এ দিন সকালে চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিকের প্রশাসক ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘এই উদ্যোগের ফলে চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীরা উপকৃত হবেন। দুই প্রতিষ্ঠানের মধ্যে শুধু ওষুধ সরবরাহ নয়, চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। সমন্বিতভাবে কাজ করা গেলে চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।’
একই দিন চসিকের সম্মেলন কক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে চসিকের স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য এক কোটি টাকার ওষুধ হস্তান্তর করা হয়।
এ সময় চসিক প্রশাসক বলেছেন, যুক্তরাষ্ট্রে উৎপাদিত এসব ওষুধ চসিকের অধীনে থাকা ২০টি দাতব্য চিকিৎসালয়, ৩২টি আরবান হেলথ ক্লিনিক এবং মাতৃসদনসহ মোট ৫৭টি স্বাস্থ্যকেন্দ্রে পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের বিনা মূল্যে এসব ওষুধ দেওয়া হবে। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সিটি করপোরেশন কাজ করছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, এটি প্রাথমিক পর্যায়ের সহায়তা। আগামীতে আরও ওষুধ আসবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তা সরবরাহ করা হবে।
অনুষ্ঠান দুটিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ, হাসপাতালটির মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন।



