চট্টগ্রামে মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন

প্রতীকী ছবি
দশ বছর আগে চট্টগ্রাম নগরীতে জন্মদাত্রী মাকে খুনের অপরাধে ছেলে সুমিত চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানাও দিতে বলেছেন।
জরিমানা দিতে না পারলে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মোহাম্মদ তাজউল ইসলাম এ রায় দেন বলে আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানালেন।
দণ্ডিত সুমিত চৌধুরীর (৩১) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বাসা ছিল নগরীর বন্দর থানার গোসাইলডাঙায়। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হলেও পরে জামিনে গিয়ে পালিয়ে যান। রায় ঘোষণার সময়ও আদালতে ছিলেন না।
মামলার নথিতে উল্লেখ আছে, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে সুমিতের বড় ভাই সোমনাথ বাসায় ফিরে দেখেন তার মা কুমকুম চৌধুরী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার গলা কেটে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়। বাসায় সুমিতও ছিলেন। তার ঘাড়েও রক্তাক্ত জখম ছিল।
‘মাদকাসক্ত’ সুমিত তার ভাই সোমনাথের কাছে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার কথা স্বীকার করেন। একই অস্ত্র দিয়ে নিজেও ঘাড়ে আঘাত করেন। সুমিতকে পুলিশ গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার বিরুদ্ধে সোমনাথ বন্দর থানায় মামলা করেন।
বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর আগামীর সময়কে জানালেন, পুলিশ তদন্ত করে অভিযোগপত্র দাখিলের পর আদালত ২০১৭ সালের ২৩ জুলাই সুমিতের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।




