সীতাকুণ্ড
ডেঙ্গুতে শিশুর মৃত্যু

নিহত সিরাজুল মনিরা
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিরাজুল মনিরা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার বাসিন্দা নুরুন্নবীর মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকে তীব্র জ্বরে আক্রান্ত হয় মনিরা। মঙ্গলবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রাফসান (২৬) নামে আরও এক যুবকের মৃত্যু হয়। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাফসান সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকার বাসিন্দা।
এ নিয়ে দুই দিনের ব্যবধানে সীতাকুণ্ডের দুজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হলো। পাশাপাশি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমশ বাড়ছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ‘মনিরাসহ গত তিন দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।’
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ১৫ জন মারা গেল। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ২২০ জন।




