সিসিটিতে কন্টেইনার ওঠানামা শুরু করলো এমপি সেলিমের এভারেস্ট

সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ও কন্টেইনার ওঠানামার বিশেষায়িত কাজে ৪০ বছর অভিজ্ঞতার পর টার্মিনাল অপারেটর হিসেবে কাজ শুরু করেছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। মঙ্গলবার রাত ১২টা থেকে চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) অপারেটরের দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর থেকেই জাহাজে কন্টেইনার ওঠানামার কাজ শুরু হয়েছে। সিসিটির তিনটি জেটিতে এখন দুটি কন্টেইনার জাহাজ ভিড়েছে। দেশীয় জাহাজ ‘এইচ আর তুরাগ’ আর বিদেশি জাহাজ ‘অলিম্পিয়া’ দুটি জাহাজেই আমদানি-রপ্তানি কাজ শুরু হয়েছে।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের উপদেষ্টা বিএনপি দলীয় এমপি (লক্ষ্মীপুর-১) শাহাদাত হোসেন সেলিম রাতে কাজ শুরুর বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন। তিনি বললেন, ‘বিকেলে চট্টগ্রাম বন্দরের সাথে আমাদের চুক্তি হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই আমরা কাজ বুঝে নিয়ে রাত ১২টা থেকেই কাজ শুরু করেছি। সিসিটির দুটি জাহাজেই এখন কন্টেইনার ওঠানামা চলছে।’
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ওঠানামার ১৬ শতাংশই হয় সিসিটিতে। ২০০৭ সালে সেনাসমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় থেকেই এই টার্মিনালের অপারেটর হিসেবে কাজ শুরু করে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এরপর থেকে একটানা ২০ বছর কাজ করেছে এই প্রতিষ্ঠান। ২৩ নভেম্বর রাতেই বন্দরের সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ। এই অবস্থায় রাত ১১টা থেকেই এভারেস্ট পোর্ট সার্ভিসেস কর্মকর্তারা সিসিটিতে উপস্থিত হয়ে কাজ বুঝে নিতে শুরু করেন। পরে পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামসহ পরিবহন বিভাগের কর্মকর্তারা সিসিটিতে উপস্থিত হয়ে শ্রমিক, আরটিজি, কিউজিসি অপারেটরদের কাজে যোগ দিতে কড়া ভাষায় নির্দেশ দেন। পরে এভারেস্ট পোর্ট সার্ভিসেস কর্মকর্তারা উপস্থিত শ্রমিকদের নিশ্চয়তা দেন কোন শ্রমিকের কাজ যাবে না। বন্দরে টার্মিনাল অপারেটর পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রমিক পরিবর্তন হয়নি। শ্রমিকরা আগের মতো সুযোগ-সুবিধা নিয়েই কাজ করবেন। সাইফ পাওয়ারটেক লিমিটেড যে বেতন-ভাতা দেন একইভাবে তারা পাবেন। তাদের নিয়োগপত্রের মাধ্যমে সেটির নিশ্চয়তা পাবেন। পরে শ্রমিকরা কাজে যোগ দিলে কন্টেইনার ওঠানামার কাজ পুরোদমে শুরু হয়।
৪০ বছর আগে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা আলী হোসেন মিয়ার হাত ধরেই এভারেস্ট এন্টারপ্রাইজের যাত্রা শুরু। পরে তার সন্তানরা সেটিকে বড় আকারে রূপ দেন, পরিধি বাড়ান। ২০০৭ সাল থেকেই চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর হিসেবে এভারেস্ট এন্টারপ্রাইজ কাজ শুরু করে এখনো চলমান আছে। এর বাইরে এখন টার্মিনাল অপারেটর অপারেটর হিসেবে নতুন যাত্রা শুরু হলো।
চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি অনুযায়ী আগামী ছয়মাস ৩০ কোটি টাকায় এভারেস্ট পোর্ট সার্ভিসেস সিসিটি পরিচালনা করবে। দরপত্রে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠান ‘বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি’ দর দিয়েছিল ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৪০০ টাকা। ফলে এভারেস্ট কাজ পাওয়ায় বন্দরের সরাসরি সাশ্রয় হলো ১০ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।
অন্য দুটি প্রতিষ্ঠান জামানত না দেওয়ায় আগেই বাতিল হয়ে যায়। বন্দর মূলত অজ্ঞাত অখ্যাত ‘বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি’কে কাজ দিতেই এই সীমিত দরপত্রে ডেকেছিল, এমন অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। তাদের দাবি, কন্টেইনার হ্যান্ডলিংয়ে অনভিজ্ঞ ও অখ্যাত প্রতিষ্ঠানকে কাজ দিতেই প্রাক-যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছিল। দরপত্র বিজ্ঞপ্তিতে যোগ্যতার মানদণ্ড রাখা হয়নি এবং প্রি-বিড মিটিংও বাতিল করা হয়েছিল। এমনকি জামানত ছাড়া দুটি ডামি প্রতিষ্ঠানকে দিয়ে দরপত্র জমা নেওয়া হয়েছিল। কিন্তু এভারেস্টের কম দরের কারণে সেই সব কৌশল ভেস্তে যায়। এভারেস্ট সর্বনিম্ন দরদাতা হওয়ার পর দরপত্রটি বাতিল বা মূল্যায়নে আটকে দেওয়ার চেষ্টা চলে বলে অভিযোগ আছে। পরিচালক পরিবহনসহ বন্দর প্রশাসনের একটি অংশ ও চেয়ারম্যানের অনাগ্রহের বিষয়টিও আলোচনায় আসে।
তবে নিয়ম অনুযায়ী জামানতসহ সর্বনিম্ন দরদাতা হওয়ায় এবং রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে শেষ পর্যন্ত এভারেস্টকে বাদ দেওয়া সম্ভব হয়নি। ২২ নভেম্বর বন্দরের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজ মন্ত্রণালয় তাদের অনুমোদন দেয়।
সিসিটির জাহাজ থেকে সরাসরি কন্টেইনার ওঠানো-নামানোর জন্য ৪টি ‘কিউ গ্যান্ট্রি ক্রেন’, যেগুলোর প্রতিটির উত্তোলন ক্ষমতা ৪৫ মেট্রিক টন। ইয়ার্ডের অভ্যন্তরে কন্টেইনার স্থানান্তর ও সংরক্ষণের জন্য ৪০ টন ক্ষমতাসম্পন্ন রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন, সর্বোচ্চ ৩৫ টন ক্ষমতাসম্পন্ন স্ট্র্যাডল ক্যারিয়ার এবং হিমায়িত পণ্যের কন্টেইনার সচল রাখার জন্য ৪০০টি রিফার প্লাগ রয়েছে। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে এখানকার গ্যান্ট্রি ক্রেনগুলো বেশ পুরোনো হয়ে যাওয়ায় মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটিতে এর পূর্ণ সক্ষমতা ব্যবহারে বেশ বিঘ্ন ঘটে।




