উসকানির ফাঁদে পা দেওয়া যাবে না : এ্যানি

ছবি: আগামীর সময়
নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসা, সংঘাত ও উসকানির ফাঁদে পা দিতে নিষেধ করলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আজ বুধবার বিকালে নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি একথা বললেন।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বললেন, ‘১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম আমাদের জন্য অত্যন্ত কঠিন ও প্রতিকূল ছিল। জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম ও হত্যার মতো পরিস্থিতি আমাদের মোকাবিলা করতে হয়েছে। এরপরও আমাদের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এখন প্রতিহিংসার পরিবর্তে দায়িত্বশীলতা, সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণকে প্রাধান্য দিতে হবে।’
‘এখন গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে হবে। প্রতিহিংসা, সংঘাত পরিহার করতে হবে। কোনো ধরনের উসকানির ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নয়। রাজনৈতিকভাবেই সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টার মোকাবিলা করতে চাই।’
দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে মন্তব্য করে এ্যানি বললেন, ‘কোনো পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। রাজনৈতিক কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। যেকোনো পরিস্থিতি রাজনৈতিক কর্মসূচি, জনসম্পৃক্ততা ও আদর্শিক অবস্থানের মধ্য দিয়ে মোকাবিলা করতে হবে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় সংসদ সদস্য সাঈদ আল নোমান, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ এনামুল হক এনাম, নুরুল আমিন, জসিম উদ্দিন আহমেদ, সাকিলা ফারজানা, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন বক্তব্য রাখেন।




