চট্টগ্রাম মেডিকেলের দুই ক্যান্টিনে পচা-বাসি খাবার

চট্টগ্রাম মেডিকেলে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান
কালো তেলে খাবার তৈরি, পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অনুমোদনহীন ভারতীয় ওষুধ রাখার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে সরকারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতালসংলগ্ন ও হাসপাতালের ভেতরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুই ক্যান্টিনে পচা-বাসি খাবার সংরক্ষণ এবং কালো তেল ব্যবহারের প্রমাণ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে হাসপাতালের ভেতরে ন্যায্যমূল্যের ওষুধ বিক্রির দুটি দোকানেও অনিয়ম ধরা পড়ে। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি ডিআরইউ নম্বর না থাকা অনুমোদনহীন ভারতীয় ওষুধ বিক্রির অভিযোগ মেলে। ফার্মেসিতে মানসিক রোগীদের ব্যবহারের কিছু ওষুধও মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে দুই দোকানিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হাসপাতাল এলাকায় একটি ফলের দোকানে ৮০ থেকে ৯০ টাকা দামের ডাব ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানালেন, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলা, ওষুধের মেয়াদ ও অনুমোদন যাচাই এবং পণ্যের সঠিক মূল্য প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।



