মাটির নিচে ২০ হাজার মানুষের শহর!

মাটির নিচে প্রায় ৮৫ মিটার গভীর এই নগরী
বাড়ির বেসমেন্টে দেয়াল ভাঙতে গিয়ে হঠাৎ একটি গোপন কক্ষের সন্ধান পেলেন এক তুর্কি বাসিন্দা। কৌতূহলবশত কক্ষটির ভেতরে ঢুকে আরও একটি পথ খুঁজে পেলেন। সেই পথ ধরে এগোতেই বেরিয়ে এল একের পর এক ঘর, সরু সুড়ঙ্গ আর সিঁড়ি। ধীরে ধীরে স্পষ্ট হলো, নিজের বাড়ির নিচে তিনি আবিষ্কার করেছেন আস্ত একটি ভূগর্ভস্থ শহর! ১৯৬৩ সালের সেই ঘটনাতেই নতুন করে সামনে আসে তুরস্কের কাপ্পাদোকিয়া অঞ্চলের প্রাচীন নগরী ডেরিনকুয়ু।
মাটির নিচে প্রায় ৮৫ মিটার গভীর এই নগরী। প্রচলিত ধারণা অনুযায়ী, একসময় এখানে প্রায় ২০ হাজার মানুষের থাকার ব্যবস্থা ছিল। শুধু থাকার ঘর নয়, শহরটির ভেতরে ছিল রান্নাঘর, খাবার সংরক্ষণের কক্ষ, আস্তাবল, গির্জা, শিক্ষাকেন্দ্র এমনকি পানির কূপও। অর্থাৎ মাটির নিচে গড়ে উঠেছিল মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সবকিছু।
আস্ত শহর মাটির নিচে
তুরস্কের নেভশেহির প্রদেশের ডেরিনকুয়ু নামের এই শহরের উৎপত্তি ঠিক কবে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ইতিহাসবিদদের ধারণা, এর প্রাথমিক নির্মাণের সময় খ্রিষ্টপূর্ব অষ্টম শতকের কাছাকাছি। পরবর্তী বিভিন্ন সভ্যতার শাসনামলে শহরটি সম্প্রসারিত হয়েছে। বাইজেন্টাইন যুগেও এর ব্যবহার ছিল।
কাপ্পাদোকিয়া অঞ্চলের ভূপ্রকৃতিই এমন নগরী তৈরির সুযোগ করে দিয়েছিল। প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে তৈরি হয়েছিল নরম আগ্নেয় শিলা। সহজেই খনন করে এর ভেতরে কক্ষ ও সুড়ঙ্গ তৈরি করা সম্ভব ছিল। আবার শিলার গঠন যথেষ্ট মজবুত হওয়ায় বড় বড় ভূগর্ভস্থ কক্ষও ধসে পড়ার আশঙ্কা ছাড়াই তৈরি করা যেত।
ডেরিনকুয়ু অন্তত ১৮টি স্তরে বিস্তৃত। এর গভীরতা প্রায় ২৮০ ফুট। শহরের বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে যুক্ত ছিল সরু সুড়ঙ্গ দিয়ে। কোনো কোনো সুড়ঙ্গ এতটাই সরু যে সোজা হয়ে হাঁটা সম্ভব নয়। কোথাও আবার বিশাল পাথরের দরজা বসানো ছিল। শত্রুর আক্রমণের আশঙ্কা দেখা দিলে এসব দরজা গড়িয়ে এনে পথ বন্ধ করে দেওয়া যেত।
নগরীর ওপরের দিকের অংশে ছিল আস্তাবল, খাবার সংরক্ষণের জায়গা ও গির্জা। নিচের দিকে নামলে পাওয়া যায় আরও কক্ষ, সুড়ঙ্গ ও ধর্মীয় স্থাপনা। দ্বিতীয় স্তরে ছিল একটি মিশনারি শিক্ষাকেন্দ্র। এর ছাদ ছিল বিশেষ ধরনের বাঁকানো নকশার। তৃতীয় ও চতুর্থ স্তর পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলে পাওয়া যায় ক্রুশাকৃতির একটি গির্জা।
বাতাস, পানি ও তাপমাত্রার ব্যবস্থা
মাটির এত গভীরে মানুষের বসবাসের জন্য সবচেয়ে জরুরি ছিল বাতাস ও পানির ব্যবস্থা। ডেরিনকুয়ুর নির্মাতারা সে ব্যবস্থাও করেছিলেন। মাটির ওপরের সঙ্গে সংযুক্ত একটি বড় বায়ু চলাচলের কূপ ছিল। তুরস্কের সরকারি জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এর গভীরতা প্রায় ৫৫ মিটার। এটি একই সঙ্গে পানির কূপ হিসেবেও ব্যবহৃত হতো। এ ছাড়া বিভিন্ন স্তরে ছিল আরও বায়ু চলাচলের পথ।
শহরটির বিভিন্ন অংশে ৫০টির বেশি বায়ু চলাচলের কূপ ছিল। এসব ব্যবস্থা ভূগর্ভস্থ কক্ষগুলোতে বাতাস পৌঁছাতে সাহায্য করত। শত্রুর আক্রমণের সময় বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও বাসিন্দাদের কিছুদিন ভেতরে থাকার সুযোগ ছিল।
এ ধরনের ভূগর্ভস্থ স্থাপনার আরেকটি বৈশিষ্ট্য হলো তাপমাত্রার স্থিতিশীলতা। বাইরের আবহাওয়া যখন প্রচণ্ড গরম কিংবা শীতল, মাটির নিচের পরিবেশ তুলনামূলকভাবে স্থির থাকে। বিবিসি ফিউচারের ১৩ নভেম্বরের এক প্রতিবেদনে ডেরিনকুয়ুর এই প্রাচীন স্থাপত্য থেকে চরম তাপমাত্রা মোকাবিলার সম্ভাব্য শিক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ কয়েক শতাব্দী আগের মানুষের তৈরি এই আশ্রয়স্থল আধুনিক জলবায়ু ও তাপমাত্রার আলোচনাতেও নতুন করে গুরুত্ব পাচ্ছে।
১৯৬৫ সালে ডেরিনকুয়ু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তবে পুরো নগরী এখনো দেখা যায় না। তুরস্কের সরকারি জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শহরটির মাত্র ১০ শতাংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
একসময় আক্রমণ থেকে বাঁচতে কিংবা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে মানুষ আশ্রয় নিয়েছিল মাটির গভীরে। আজ সেই আশ্রয়স্থলই ইতিহাস, স্থাপত্য ও প্রকৌশলের বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। মাটির ওপরে সভ্যতা গড়ার পাশাপাশি মানুষ যে মাটির নিচেও আস্ত শহর তৈরি করতে পেরেছিল, ডেরিনকুয়ু তারই এক অনন্য নিদর্শন।
সূত্র: বিবিসি, হিস্ট্রি ডট কম, টারকিশ মিউজিয়ামস




