যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনায় ইরান
- ট্রাম্পের আহবানে বৈরুত এড়িয়ে দক্ষিণ লেবাননে হামলা ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রস্তাবিত চুক্তির শর্তগুলো পর্যালোচনা করছে তেহরান। গতকাল মঙ্গলবার এক ইরানি কর্মকর্তার বরাতে এ কথা জানিয়েছে মেহর নিউজ। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, একটি সমঝোতায় পৌঁছাতে অব্যাহত রয়েছে আলোচনা। তবে লেবানন ও গাজায় ইসরায়েলের হামলা চুক্তির পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। সিবিসি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর তিন মাসের বেশি সময় পর সংঘাতটি এখন অচলাবস্থায় রূপ নিয়েছে। একই সময়ে অন্তর্বর্তী চুক্তির জন্য মূলত পরোক্ষ আলোচনা চললেও তা এখনো রয়েছে নিষ্পত্তিহীন। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কার্যত বন্ধ অবস্থায় আছে হরমুজ প্রণালি।
এক ইরানি কর্মকর্তার বরাতে মেহর নিউজ জানিয়েছে, অস্থায়ী চুক্তির প্রস্তাবিত চূড়ান্ত খসড়ার বিষয়ে ইরান এখনো কোনো জবাব দেয়নি। যুক্তরাষ্ট্রের আগের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এবং দীর্ঘদিনের অবিশ্বাসের কারণে তেহরান এ বিষয়ে ‘কঠোর’ অবস্থান নিচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি বাড়ানো ও হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি হবে আগামী সপ্তাহের মধ্যে।
মার্চের মাঝামাঝি থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, শান্তিচুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছেন তিনি। এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি মোটামুটি বহাল থাকলেও গত এক সপ্তাহে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।
এদিকে সোমবার এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, তা লেবাননসহ সব ফ্রন্টের জন্য প্রযোজ্য। একটি ফ্রন্টে এর লঙ্ঘন মানেই সব ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন। এর পরিণতির দায় বহন করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই।
বৈরুত এড়িয়ে দক্ষিণ লেবাননে হামলা ইসরায়েলের: ট্রাম্প সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বৈরুতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। এতে সাড়া দিয়ে বৈরুতে হামলা চালায়নি ইসরায়েল। তবে মঙ্গলবার দক্ষিণ লেবাননে হামলা চলিয়েছে তারা। যদিও তিন মাস ধরে চলা যুদ্ধে আরও বড় ধরনের উত্তেজনা আপাতত এড়ানো সম্ভব হয়েছে ট্রাম্পের ওই হস্তক্ষেপে।
ট্রাম্পের হস্তক্ষেপের পর লেবানন সরকার জানায়, ইসরায়েল হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুতের দক্ষিণ উপশহরে হামলা থেকে বিরত থাকবে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ রাখবে হিজবুল্লাহও। তবে এই ঘোষণা লেবাননের জনগণের মধ্যে আস্থা ফেরাতে পারেনি এবং দক্ষিণ লেবাননে চলমান বৃহত্তর যুদ্ধও থামেনি। নেতানিয়াহু আগেই ঘোষণা দিয়েছেন, এই অভিযান চলতেই থাকবে। মঙ্গলবারও বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোনের শব্দে আতঙ্কে ছিলেন বাসিন্দারা।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে একের পর এক শহর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সঙ্গে নাবাতিয়েহ শহরের বাসিন্দাদের হামলার আগে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
মঙ্গলবার নতুন কোনো অভিযানের ঘোষণা দেয়নি হিজবুল্লাহ। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সোমবার রাতে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তার দপ্তর থেকে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বসতিগুলোয় হামলা হলে সেনাবাহিনী সেখানকার মানুষকে সরিয়ে নেবে এবং হামলা চালাবে বৈরুতের দক্ষিণ উপশহরে।
তেলের দাম কমল: মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। আগের দিনের বড় ধরনের মূল্যবৃদ্ধির কিছুটা সংশোধন হয়েছে। তবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে বৈশ্বিক তেলের মজুদ।




