লুই ভিটনের লোগো চুরির অভিযোগে চীনা কোম্পানিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

সংগৃহীত ছবি
লুই ভিটনের ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে এক চীনা কোম্পানিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির আদালত। জনপ্রিয় চীনা চা চেইন ‘মলি টি’কে করা হয়েছে এই জরিমানা। খবর বিবিসির।
গত সপ্তাহে চীনা গণমাধ্যম জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি আদালত এই রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, শেনজেন-ভিত্তিক চা কোম্পানিটি লুই ভিটন-এর চার পাপড়ির ফুলের মনোগ্রাম ট্রেডমার্ক নকল করেছে।
বৃহস্পতিবার মলি টি-কে লোগোটির ব্যবহার বন্ধ করার নির্দেশ দেয় আদালত। সেইসঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং লুই ভিটনকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আদালতের এই রায়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে চীনের অনলাইন অঙ্গনে। মলি টি-এর পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। তারা বলছেন, পশ্চিমা বিলাসবহুল ব্র্যান্ডগুলোতে ব্যবহৃত বহু নকশাই চীনা শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত।
চীনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ওয়েইবোতে একজন লিখেছেন কোম্পানিটির প্রতি সমর্থন জানাতে তিনি ‘প্রতিদিন এক কাপ মলি টি পান করবেন’।
‘আমাদের পূর্বপুরুষরা পেটেন্টের জন্য আবেদন করেননি, সেই সুযোগই নিচ্ছে তারা’, লিখেছেন একজন।




