ইউক্রেনের আঘাতে পেট্রোল সংকট, ভারতের দ্বারস্থ রাশিয়া

ভারত থেকে সমুদ্রপথে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া- এআই
ইউক্রেনের হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সৃষ্ট পেট্রোল সংকট মোকাবিলায় ভারত থেকে সমুদ্রপথে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া। বুধবার শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে এ তথ্য।
ইউক্রেনের হামলার পর রাশিয়ার ১১টি সময় অঞ্চলের বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর ফলে রেশনিংব্যবস্থা চালু, ফিলিংস্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং পেট্রোলের দামে রেকর্ড বৃদ্ধি ঘটেছে।
ক্রেমলিন মঙ্গলবার জানিয়েছে, গ্রহণযোগ্য দামে জ্বালানি আমদানির বিষয়ে রাশিয়া বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে।
একটি সূত্র জানায়, ভারত থেকে অন্তত ৬০ হাজার টন পেট্রোল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। আরেকটি সূত্রের দাবি, ৩০ থেকে ৪০ হাজার টন ধারণক্ষমতার দুটি ট্যাংকার এরই মধ্যে রওনা দিয়েছে।
তৃতীয় একটি সূত্র জানিয়েছে, বেলারুশসহ বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে মোট ৪ লাখ টন পেট্রোল আমদানির পরিকল্পনা করেছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়ায় জ্বালানি রপ্তানি করছে প্রতিবেশী বেলারুশ।
গ্রীষ্মকালে রাশিয়ায় প্রতিদিন অন্তত ১ লাখ ১০ হাজার টন পেট্রোলের চাহিদা থাকে।
ভারতের কোন পরিশোধনাগার রাশিয়াকে পেট্রোল সরবরাহ করছে, তা এখনো জানা যায়নি।
রবিবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের কিছু অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে তিনি বলেছেন, সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।
রয়টার্সের হিসাব ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, জুনের প্রথমার্ধে বেলারুশ থেকে রেলপথে রাশিয়ায় পেট্রোল সরবরাহ মে মাসের প্রথমার্ধের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে ৭০ হাজার টনের বেশি হয়েছে।
গত সপ্তাহে ইউক্রেনের ড্রোন হামলায় সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়ার পার্লামেন্ট কর আইনে সংশোধনী অনুমোদন করেছে। ভারত থেকে সরবরাহ ব্যয় ও দামের ভিত্তিতে জ্বালানি আমদানিতে ভর্তুকির ব্যবস্থাও রাখা হয়েছে এতে।
এদিকে এলএসইজি ও ক্লেপলারের জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, জুনে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে বিকল্প উৎসের সরবরাহে প্রভাব পড়ায় ভারতীয় শোধনাগারগুলো রাশিয়ার তেল বেশি পরিমাণে কিনেছে।
ক্লেপলারের তথ্য অনুযায়ী, জুনে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি এসেছে রাশিয়া থেকে। মে মাসে এই হার ছিল ৩৬ দশমিক ৫ শতাংশ।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত জুন মাসে রাশিয়া থেকে প্রতিদিন গড়ে প্রায় ২৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে বলে ক্লেপলার ও এলএসইজির প্রাথমিক তথ্যে দেখা গেছে।




