শপিং মলে ঢুকে ফল খেল ভালুক, যাওয়ার আগে করে গেল মলত্যাগ

শপিং মলের ভেতরে কালো ভালুক। ফাইল ছবি / রয়টার্স
যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি শপিং মলে হঠাৎ হাজির হয় এক কালো ভালুক। স্বয়ংক্রিয় দরজা দিয়ে মানুষের মতোই ঢুকে পড়ে সেটি। এরপর একটি পিচ ফল খায়। তবে বেরিয়ে যাওয়ার আগে মলের মেঝেতে মলত্যাগও করে যায় ভালুকটি।
ঘটনাটি ঘটে এ বছরের ৮ জুলাই সকাল ৯টার দিকে। স্থানটি আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনের এক্সচেঞ্জ শপিং মল। সামরিক ঘাঁটিটি সংক্ষেপে জেবিইআর নামে পরিচিত। পুরো ঘটনাই ক্যামেরায় ধরা পড়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মলে ঢোকার পর ভালুকটি প্রথমে একটি নাপিতের দোকানের সামনে যায়। ওই দোকানে কাজ করেন কোরি গডবাউট। তিনি তখন দিনের প্রথম ক্রেতার অপেক্ষায় ছিলেন।
গডবাউট জানিয়েছেন, তার এক সহকর্মী হঠাৎ চিৎকার করে বলেন, ‘ভালুক!’ ফোন থেকে চোখ তুলে তিনি দেখেন, ভালুকটি তাদের দোকানের দিকে আসছে। সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে বিরতির কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।
কয়েক মিনিট পর তারা বের হন। গডবাউট মোবাইল ফোন হাতে ভালুকটির পিছু নেন। সেটি তখন মলের কমিসারি বা মুদি দোকানের অংশে ঢুকে পড়ে। সেখানে একটি পিচ তুলে খেয়ে ফেলে।
কয়েকজন ভালুকটিকে ভয় দেখিয়ে বের করার চেষ্টা করেন। এরপর সেটি আবার নাপিতের দোকানের দিকে ফিরে আসে। তবে ততক্ষণে কর্মীরা দোকানে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন।
জানালা দিয়ে তারা ভালুকটির কর্মকাণ্ড দেখতে থাকেন। একপর্যায়ে মলের করিডোরের মেঝেতেই মলত্যাগ করে সেটি।
পরে বন্য প্রাণী সংরক্ষণ আইন প্রয়োগকারী কর্মকর্তারা ভালুকটিকে এলাকা থেকে সরিয়ে কাছের জঙ্গলে নিয়ে যান।
ঘটনায় কোনো মানুষ আহত হননি। ভালুকটিরও কোনো ক্ষতি হয়নি।
ঘাঁটির কর্মকর্তারা জানিয়েছেন, গত মে মাসে বন্য প্রাণী প্রতিরোধী ময়লার পাত্র বসানোর পর সেখানে ভালুকের সঙ্গে মানুষের মুখোমুখি হওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।
সূত্র- আলাস্কা নিউজ সোর্স




