বিমানের কার্পেটের নিচ থেকে জীবন্ত সাপ উদ্ধার

অস্ট্রেলিয়ায় ২০১৯ সালে ফ্লাইটে এ সাপটি পাওয়া গিয়েছিল। ফাইল ছবি / সংগৃহীত
জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর জীবন্ত সাপ পাওয়ার পর ফ্লাইট বাতিল করা হয়েছে। পরে জানা যায়, সাপটি বিষহীন জাপানি স্ট্রাইপড স্নেকের বাচ্চা।
জাপান এয়ার কমিউটার (জেএসি) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে বিমানের কার্পেটের নিচে প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দেখতে পান এক মেকানিক। পরে বিশেষজ্ঞরা সাপটি শনাক্ত করেন। এরপর সেটিকে ধরে ফেলা হয়।
সাপটি কীভাবে বিমানের ভেতরে ঢুকেছে, তা জানা যায়নি। জেএসি বলেছে, এ ধরনের ঘটনা তাদের জন্য প্রথম।
বিমানটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় এসেছিল। দুপুর ১২টা ৫০ মিনিটে ফুকুওকা থেকে কাগোশিমার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। উড্ডয়নের প্রস্তুতির সময় বিমানের ভেতর ছোট প্রাণীটি দেখতে পান কর্মীরা।
এরপর নিরাপত্তার কারণে ফ্লাইটটি বাতিল করা হয়।
সূত্র : জাপান টাইমস




