হুমকি-ধমকির পর যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানো হবে না। এত সময় আমাদের হাতে নেই— যুদ্ধবিরতির শেষ দিন এমনটিই বলে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যে অনেকের মনে আশঙ্কা জাগে— তবে কি ফের শুরু হচ্ছে যুদ্ধ! না, যুদ্ধ শুরু হয়নি। যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
দিনের শুরুতে দেওয়া হুমকি থেকে সরে এসে ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যায় একটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। এতে বলেছেন, ‘পাকিস্তানের অনুরোধে ইরানের ওপর আমাদের হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি, যতক্ষণ না তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে পারেন।’ তবে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা আসলেও হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ চলবে বলে জানিয়েছেন ট্রাম্প।
দুই সপ্তাহ আগে শুরু হওয়া এই যুদ্ধবিরতির সময় বৃদ্ধির বিষয়ে ইরান বা ইসরায়েল সম্মত কি না, সেটা জানা যায়নি এখনো। ফলে একতরফা বলে মনে করা হচ্ছে ট্রাম্পের এই ঘোষণা। ইরানের শীর্ষ নেতাদের পক্ষ থেকে আসেনি তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া। তবে ইরানের বিপ্লবী গার্ডস সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর কোনও অনুরোধ করেনি ইরান। একইসঙ্গে পুনর্ব্যক্ত করেছে শক্তি প্রয়োগ করে মার্কিন অবরোধ ভাঙতে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলছেন, খুব একটা গুরুত্ব বহন করে না ট্রাম্পের এই ঘোষণা। তার ভাষায়, ‘ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা আসলে আকস্মিক হামলার জন্য সময় নেওয়ার কৌশল।’
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধকে সামরিক আগ্রাসন উল্লেখ করে তিনি জোর দেন, ‘এখন ইরানের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’
এর আগেও ট্রাম্প ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি থেকে সরে এসেছিলেন শেষ মুহূর্তে।

