তুরস্কের ‘মাচকা’ নিউ ইয়র্ক সিটির ‘কুকুর মেয়র’ নির্বাচিত

তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে আসা চার বছর বয়সী কুকুর ‘মাচকা’। ছবি / সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে ‘কুকুর মেয়র’ নির্বাচিত হয়েছে। তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে আসা চার বছর বয়সী কুকুর ‘মাচকা’ এই পদ পেয়েছে। হাজারো নিউইয়র্কবাসীর সমর্থনে সে শহরটির তৃতীয় ‘কুকুর মেয়র’ নির্বাচিত হয়েছে। তিন পা নিয়ে চলাফেরা করা আনাতোলিয়ান শেফার্ড প্রজাতির এই কুকুরটির বাড়ি কুইন্সের সানি সাইড এলাকায়।
গত সপ্তাহে অনলাইনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয় মাচকা। নিউইয়র্কের কুইন্স এলাকাটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের আবাসস্থল হিসেবে পরিচিত। মাচকাও তুরস্ক থেকে অভিবাসী হয়ে এই এলাকায় এসেছে। বর্তমানে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানীরও বসবাস এই কুইন্সে।
তবে ‘কুকুর মেয়র’ হিসেবে মাচকা কোনো বেতন বা সরকারি সুযোগ-সুবিধা পাবে না। তার মালিক ও নির্বাচনী প্রচার ব্যবস্থাপক কাইলিন বাটন প্রাণীদের প্রতি মানুষের সহানুভূতি বাড়াতে এই উদ্যোগ নিয়েছেন। মাচকাকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন। মানুষের কাছে ভোট চেয়েছেন। শেষ পর্যন্ত হাজারো মানুষের সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছে কুকুরটি।
তুরস্কের রাস্তায় জন্ম মাচকার। ছোটবেলায় গাড়ির ধাক্কায় তার একটি পা হারিয়ে যায়। পরে তুরস্কের এক নারী তাকে আশ্রয় দেন। কিন্তু ২০২৩ সালের শুরুর দিকে ভয়াবহ ভূমিকম্পে ওই নারী নিজের ঘরবাড়ি হারান। এ কারণে তিনি আর মাচকাকে নিজের কাছে রাখতে পারেননি।
মাচকার মালিক ও নির্বাচনী প্রচার ব্যবস্থাপক কাইলিন বাটন জানিয়েছেন, জীবনের এই কঠিন অভিজ্ঞতাই ‘কুকুর মেয়র’ নির্বাচনে মাচকার প্রচারের লক্ষ্য ঠিক করতে বড় ভূমিকা রেখেছে।
বাটন বলেছেন, মাচকার প্রচারের মূল লক্ষ্য ছিল পোষা প্রাণীবান্ধব আবাসনের ব্যবস্থা করা এবং গৃহহীন মানুষের আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো। যাতে মানুষ ও তাদের পোষা প্রাণী ভালো-মন্দ সব পরিস্থিতিতে একসঙ্গে থাকতে পারে। বিষয়টি মাচকার নিজের জীবনের সঙ্গেও জড়িত। প্রতিকূল পরিস্থিতির কারণে তাকেও একসময় তার আশ্রয়দাতা পরিবারের কাছ থেকে আলাদা হতে হয়েছিল।
বাটন আরও জানিয়েছেন, অনেক মানুষের জন্য আশ্রয় পাওয়ার ক্ষেত্রে পোষা প্রাণী বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণ, অনেক আশ্রয়কেন্দ্রে পোষা প্রাণী নিয়ে থাকার অনুমতি নেই।
নির্বাচনের ফল ঘোষণার পর মাচকাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন তার প্রতিবেশীরা। বাটন বলেছেন, মাচকা যেন মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাসের জোয়ারে ভেসে গিয়েছিল।
তিনি বলেন, ‘সংবাদে এবং বিশ্বজুড়ে চলা হতাশা ও অন্ধকার পরিস্থিতি থেকে অনেকেই হয়তো কিছুটা স্বস্তি খুঁজছিলেন। তাদের সঙ্গে এই জয় উদযাপন করতে পেরে ভালো লেগেছে। সবাই খুব উচ্ছ্বসিত ছিলেন।’
বিজয় উদযাপনে মাচকাকে আইসক্রিম খাওয়ানো হয়।
এই নির্বাচনে দ্বিতীয় হয়েছে ‘ডক্টর কম্পিউটার চিপস’ নামের শি জু প্রজাতির একটি কুকুর। তারও তিনটি পা রয়েছে। সে এখন থেকে ‘ডেপুটি ডগ মেয়র’ বা কুকুর মেয়রের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।
সূত্র: কুইন্স ডেইলি ঈগল




