ভোটের হারে ফুঁসে উঠেছে ট্রাম্পের অভিবাসী থাবা
- মুখে নরম সুর, মাঠে কঠোর অভিযান
- পুরোদমে চলছে ধরপাকড়

গ্রাফিকস: আগামীর সময়
ভোটের বাক্সে পরাজয়। হোয়াইট হাউজে সুর নরম। অথচ আমেরিকার রাস্তায় অভিবাসন পুলিশের থাবা আগের মতোই কঠোর। কোথাও হাসপাতালের সামনে সশস্ত্র কর্মকর্তা। কোথাও বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে আটক তরুণ। কোথাও শেষকৃত্যে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার আশ্রয়প্রার্থী দম্পতি। এমনকি আট বছরের শিশুও রেহাই পাচ্ছে না। মধ্যবর্তী নির্বাচনে (৩ নভেম্বর) রিপাবলিকানদের ভরাডুবির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, তার অভিবাসননীতি হয়তো ‘মাত্রাতিরিক্ত কঠোর’ ছিল। কিন্তু সেই স্বীকারোক্তির পরও থামেনি ধরপাকড়। ভোটে ক্ষমতার সমীকরণ বদলালেও অভিবাসীদের জীবনে স্বস্তি ফেরেনি।
গত বুধবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে মিশিগান, ম্যাসাচুসেটস থেকে ফ্লোরিডা পর্যন্ত গ্রেপ্তার অভিযান চলছে। এর আগে মঙ্গলবার স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, জানুয়ারিতে কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটরা অভিবাসন সংস্থা ‘আইস’-এর বিরুদ্ধে তদন্ত ও সংস্কারের প্রস্তুতি নিচ্ছেন।
নির্বাচনের পর সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘অভিবাসন নিয়ে আমি কিছু করতে চাই।’ ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিতও দেন তিনি। কিন্তু কয়েক ঘণ্টা পরই কঠোর অভিবাসননীতির অন্যতম পরিকল্পনাকারী স্টিফেন মিলারকে হোয়াইট হাউজের নতুন দপ্তরপ্রধান হিসেবে নিয়োগ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিনও অবস্থান বদলাননি। তার ঘোষণা, ‘বহিষ্কার অভিযান চলবে।’ বড়দিন, ধন্যবাদ জ্ঞাপন দিবস কিংবা নির্বাচনের দিনেও অভিবাসন পুলিশ ছুটি নেবে না বলে জানিয়েছেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের বয়েল হাইটস এলাকায় একটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে মুখোশধারী অভিবাসন কর্মকর্তাদের উপস্থিতিতে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে জড়ো হন। কর্তৃপক্ষের দাবি, আটক এক ব্যক্তিকে চিকিৎসার জন্য সেখানে নেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসন অভিযানে তাদের কোনো ভূমিকা নেই।
অ্যারিজোনার ফিনিক্স বিমানবন্দরে শেষকৃত্যে যোগ দিতে গিয়ে আটক হন আর্জেন্টিনার দুই আশ্রয়প্রার্থী গুস্তাভো রোমানেলো ও আগুস্তিন বাসেগা। তাদের কাজের অনুমতিপত্র রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
আলাবামায় বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে আটক হন ভেনেজুয়েলার ১৯ বছর বয়সী যমজ ভাই লুইস ও কার্লোস ওর্তা-সান্তোরো। পরিবারের দাবি, তাদের আশ্রয়ের আবেদন বিচারাধীন, কাজের অনুমতিও রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, তারা অনুমোদিত অবস্থানের মেয়াদ অতিক্রম করেছেন। বিষয়টি অভিবাসন আদালতে বিবেচিত হবে।
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোয় আট বছরের এক হাইতি শিশুকে অভিবাসন দপ্তরে হাজিরার পর আটক করা হয়। স্কুল কর্তৃপক্ষ প্রতিবাদ জানিয়েছে। শিশু অধিকারকর্মীদের অভিযোগ, এমন পদক্ষেপ শিশুদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। অভিবাসন কর্তৃপক্ষ অবশ্য নিজেদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে।
এদিকে ডেমোক্র্যাটদের মধ্যেও মতভেদ স্পষ্ট। ইলহান ওমর, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ ও নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ অভিবাসন সংস্থা বিলুপ্তির পক্ষে। অন্যদিকে এলিজাবেথ ওয়ারেনসহ কয়েকজন নেতা সংস্থাটি রেখে কঠোর সংস্কার ও জবাবদিহি চান।
নবনির্বাচিত কংগ্রেস সদস্য ববি পুলিদো বলেছেন, ‘নাগরিকত্ব পাওয়ার একটি পথ প্রয়োজন।’ সিনেটর অ্যালেক্স পাডিলাও দীর্ঘদিন ধরে কাজ করা ও কর দেওয়া অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ চেয়েছেন।
ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়ার দাবি, অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে এক হাজারের বেশি বিশ্বাসযোগ্য নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে। আগামী জানুয়ারিতে এসব নিয়ে তদন্তের প্রস্তুতি রয়েছে। তবে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা পেলেই ট্রাম্পের নীতি বাতিল করা যাবে না। বড় আইন পরিবর্তনে প্রেসিডেন্টের সম্মতি এবং সিনেটের বিধিগত বাধা অতিক্রমের প্রয়োজন হতে পারে। ভোটের ফল পাল্টেছে। কংগ্রেসের ক্ষমতাও পাল্টাবে। কিন্তু অভিবাসীদের দরজায় কড়া নাড়ার শব্দ থামেনি। ওয়াশিংটনে যখন সংস্কার আর সমঝোতার হিসাব চলছে, তখন অসংখ্য পরিবারের প্রশ্ন একটাই, রাজনীতির পরিবর্তন তাদের জীবনে পৌঁছাবে কবে?



