নারী কেলেঙ্কারিতে পদত্যাগ করা হুয়াংকে ফেরালেন ট্রাম্প, কেন?

ট্রাম্পের সঙ্গে আলাপচারিতায় এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ফাইল ছবি / রয়টার্স
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে টানা দরপতন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা—সব মিলিয়ে বড় চাপে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে বাজারের পতন ঠেকাতে তিনি বেছে নেন এক অপ্রত্যাশিত পথ। কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করা এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবারও ওই পদে ফিরিয়ে আনতে সরাসরি উদ্যোগ নেন তিনি।
হুয়াংয়ের পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় তাকে ফিরিয়ে আনতে হোয়াইট হাউসের সর্বোচ্চ পর্যায় থেকে চাপ প্রয়োগ করা হয় এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ওপর। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে সরকারের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে কোম্পানিটির পরিচালকদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের আশ্বস্ত করা হয়, হুয়াং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি নন। শেষ পর্যন্ত সোমবার হুয়াংকে আবারও সিইও হিসেবে ফিরিয়ে আনার ঘোষণা দেয় এনভিডিয়া।
সিএনএনের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, এই পুরো উদ্যোগের নেপথ্যে ছিলেন ট্রাম্প নিজেই। তিনি সরাসরি এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলে হুয়াংয়ের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। তার ধারণা, যুক্তরাষ্ট্রের বৃহত্তর অর্থনীতির সাফল্যের জন্য হুয়াংয়ের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার সিএনবিসিকে ট্রাম্প বলেন, ‘আমি সরাসরি ও পরোক্ষভাবে পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমার দৃঢ় অবস্থান ছিল।’ এনভিডিয়ার সিদ্ধান্তের পর তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আমাদের অন্যতম সেরা তারকাদের একজন আবার মাঠে ফিরেছেন।’
ঘটনাটি শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তনের বিষয় নয়। বরং এটি দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শেয়ারবাজারের স্বার্থে ট্রাম্প প্রশাসন কীভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক প্রভাব—এসব প্রশ্নও নতুন করে সামনে এসেছে।
বাজারের পতন ঠেকাতেই তৎপরতা
হুয়াংয়ের পদত্যাগের পর কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন ও ওয়াল স্ট্রিটে আলোচনার কেন্দ্রে ছিল এনভিডিয়া। এক নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা ছিল, ওই নারীর সঙ্গে চীনা গোয়েন্দাদের যোগাযোগ থাকতে পারে। এ নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নও ওঠে।
হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার শেয়ারের দাম দ্রুত কমতে থাকে। এর প্রভাব পড়ে সামগ্রিক শেয়ারবাজারেও। যুক্তরাষ্ট্রের এআই খাতের উত্থান থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এমন ধারণা জোরালো হয় যে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটি বড় অংশ এখন এনভিডিয়াসহ হাতেগোনা কয়েকটি বড় এআই প্রতিষ্ঠানের সাফল্যের ওপর নির্ভরশীল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর মার্কিন কংগ্রেসের উভয় দলের সদস্যরা তার আচরণ এবং এর সম্ভাব্য জাতীয় নিরাপত্তা প্রভাব নিয়ে তদন্ত শুরু করেন। একই সঙ্গে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ না করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
এই বিতর্কের কেন্দ্রে থাকা নারী অ্যালিস হুয়াং মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী ছিলেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপ কিনত। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এসব চিপ পরে চীনে পৌঁছে থাকতে পারে।
তবে ট্রাম্পের কাছে শেষ পর্যন্ত সবচেয়ে বড় উদ্বেগ হয়ে ওঠে এনভিডিয়ার শেয়ারের দরপতন। হুয়াংয়ের পদত্যাগের পর কোম্পানিটির শেয়ারের দাম কমে যাওয়ায় বাজারে আরও চাপ তৈরি হয়। এতে যুক্তরাষ্ট্রের এআই খাতের উত্থান মুখ থুবড়ে পড়তে পারে—এমন আশঙ্কাও বাড়ে।
বিকল্প খুঁজেও হুয়াংয়ের ওপর আস্থা
হুয়াংয়ের জায়গায় প্রথমে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে আনার সম্ভাবনার কথা বলেছিলেন ট্রাম্প। তার ধারণা ছিল, পরিচিত ও প্রভাবশালী কোনো প্রযুক্তি ব্যক্তিত্বকে দায়িত্ব দিলে বাজারে আস্থা ফিরতে পারে। তবে সেই উদ্যোগ সফল হয়নি।
এরপর এনভিডিয়া নিজেদের অর্থ বিভাগের প্রধান কোলেৎ ক্রেসকে সিইও হিসেবে নিয়োগ দেয়। কিন্তু গত সপ্তাহে সিএনবিসিকে দেওয়া তার সাক্ষাৎকারে সন্তুষ্ট হননি ট্রাম্প। সোমবার তিনি এ কথা জানিয়েছেন।
এশিয়া সফর শেষে গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ফেরেন ট্রাম্প। চার দিনের ওই সফরে তিনি বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এনভিডিয়ার প্রধান হুয়াংয়ের প্রশংসা করেছেন। তবে ট্রাম্প ফেরার সময় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে টানা পাঁচ দিনের ঐতিহাসিক দরপতন চলছিল।
ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন প্রেসিডেন্টের মানসিক অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে ১৯২৯ সালের শেয়ারবাজার ধস এবং মহামন্দার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ট্রাম্প ইতিহাস সম্পর্কে জানেন। হার্বার্ট হুভার ও মহামন্দার স্মৃতি তাকে তাড়িত করে। ব্যাননের ভাষায়, ‘শেয়ারবাজারের উত্থান মানে ভালো, আর বাজারের পতন মানে খারাপ।’
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এরই মধ্যে প্রকাশ্যে হুয়াংকে এনভিডিয়ায় ফিরিয়ে আনার কথা বলেছিলেন এবং তাকে ‘কিংবদন্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন। পরে উপদেষ্টা ও কর্মকর্তাদের কাছেও তিনি বলেন, বাজার স্থিতিশীল করতে হুয়াংকে ফিরিয়ে আনা প্রয়োজন।
ভ্যান্সের নেতৃত্বে ৭২ ঘণ্টার তৎপরতা
হুয়াংকে ফিরিয়ে আনার উদ্যোগের দায়িত্ব ট্রাম্প দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। সিলিকন ভ্যালির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ভ্যান্সের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাদের অনেকেই এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের প্রত্যাবর্তন সমর্থন করছিলেন।
পরবর্তী ৭২ ঘণ্টা ভ্যান্স সরাসরি হুয়াংয়ের সঙ্গে সমন্বয় করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ওপর চাপ প্রয়োগ করেন। সরকারের পক্ষ থেকে পরিচালকদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়, হুয়াং এমন কোনো বেআইনি বা অনৈতিক কাজ করেননি, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
এই উদ্যোগে যুক্ত ছিলেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টও। চীনে এনভিডিয়ার চিপ বিক্রি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় আরও কঠোর পদক্ষেপ নেয়নি বলে বেসেন্টের অসন্তোষ ছিল। এ নিয়ে দুই মন্ত্রীর মধ্যে পর্দার আড়ালে বিরোধও তৈরি হয়েছিল।
হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার গুরুত্ব কমিয়ে দেখানোর পাশাপাশি ভ্যান্স ও অন্য কর্মকর্তারা ট্রাম্পের যুক্তিও তুলে ধরেন। তাদের বক্তব্য ছিল, হুয়াং অসাধারণ মেধার অধিকারী এবং চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ধরে রাখতে তার নেতৃত্ব জরুরি।
এর মাত্র চার দিন আগে বিনিয়োগকারীদের সঙ্গে এক আলোচনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে ফিরিয়ে আনার দাবি নাকচ করেছিল। তারা বলেছিল, হুয়াংয়ের আচরণ কোম্পানির আচরণবিধি, মানদণ্ড ও সাংগঠনিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের টানা তৎপরতার পর রবিবার রাতে পরিচালনা পর্ষদ কর্মকর্তাদের জানায়, তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে। পরদিন সকালে হুয়াংয়ের প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়া হয়।
জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন
হুয়াংয়ের প্রত্যাবর্তনে ট্রাম্প প্রশাসনের তৎপরতা সফল হলেও জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। বরং বিষয়টি ঘিরে প্রশাসনের ভেতরে ও বাইরে নতুন করে প্রশ্ন উঠেছে।
হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের প্রকৃতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে চীনের জাতীয় নিরাপত্তা আইনে দেশটির নাগরিকদের গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে সহায়তা করার বাধ্যবাধকতা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের একাংশের আশঙ্কা, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক পাল্টা গোয়েন্দা তৎপরতার ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ওই নারীর মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনের কাছে পরোক্ষ প্রবেশাধিকার থাকায় বিষয়টিকে গুরুতর হিসেবে দেখছেন তারা।
এনভিডিয়ার উন্নত চিপ চীনে বিক্রির অনুমতি দিতে হোয়াইট হাউসকে রাজি করানোর প্রচেষ্টায় আগে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন হুয়াং। চীনের বিষয়ে কঠোর অবস্থানের পক্ষে থাকা রিপাবলিকানদের মধ্যে এ নিয়ে অস্বস্তি ছিল। এখন অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের কারণে চিপ চোরাচালানের সুযোগ তৈরি হয়েছিল কি না, তা নিয়েও তদন্তের দাবি জোরালো হচ্ছে।
চীনের বিষয়ে কঠোর নীতির পক্ষে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি বছরের শুরুতেই হুয়াংয়ের ওই সম্পর্ক নিয়ে ট্রাম্প ও প্রশাসনের অন্য কর্মকর্তাদের বারবার সতর্ক করেছিলেন। তবে পুরো ঘটনা নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সোমবারও হুয়াংকে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি রুবিও।
এদিকে অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিডকে শুরুতে কালো তালিকাভুক্ত করার উদ্যোগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাণিজ্যমন্ত্রী লুটনিকের বিরুদ্ধে। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এ জন্য দ্রুত তাকে দায়ী করেছিলেন। এখন মেগাস্পিডকে যুক্তরাষ্ট্রের ‘এন্টিটি লিস্টে’ অন্তর্ভুক্ত করছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রতিষ্ঠানটি মার্কিন পণ্য ও প্রযুক্তি রপ্তানি পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়বে। বুধবার ফেডারেল রেজিস্টারে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য রয়েছে।
হোয়াইট হাউসে উল্লাস, রিপাবলিকানদের মধ্যেও অসন্তোষ
সোমবার হুয়াংকে ফিরিয়ে আনার আকস্মিক ঘোষণায় হোয়াইট হাউসের একাংশ এবং সিলিকন ভ্যালিতে উচ্ছ্বাস দেখা যায়। ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাওয়া হুয়াংসহ হাতেগোনা কয়েকজন প্রযুক্তি ধনকুবেরের রাজনৈতিক প্রভাবের আরেকটি উদাহরণ হিসেবে ঘটনাটিকে দেখছেন অনেকে।
ট্রাম্প সিএনবিসিকে জানিয়েছেন, হুয়াংয়ের প্রত্যাবর্তন নিয়ে তিনি ইলন মাস্কের সঙ্গেও পরামর্শ করেছেন। ঘোষণার পর মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ভুলটি সংশোধন করা হয়েছে।’
তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অন্য অংশে এ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। এনভিডিয়ার সিদ্ধান্তে প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপের কারণে তাদের উদ্বেগ বেড়েছে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে প্রশাসনকে আরও কঠোর তদন্তের মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর পিট রিকেটস এক্সে লিখেছেন, ‘জেনসেন হুয়াংয়ের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল, যার মধ্যে অধস্তন কর্মীদের সঙ্গে সম্পর্কও রয়েছে। এ ছাড়া চীনা গুপ্তচর বলে সন্দেহ করা এক নারীর সঙ্গেও তার সম্পর্ক ছিল। তার আচরণ তাকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার পক্ষে যায় না।’
ট্রাম্প প্রশাসনের কয়েকজন উপদেষ্টাও ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন, হুয়াংয়ের আচরণ নিয়ে আরও ক্ষতিকর তথ্য সামনে এলে আগামী বছর কংগ্রেসের তদন্তের পরিধি বাড়তে পারে। তাদের মতে, হোয়াইট হাউসের চাপে হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত এসব তদন্তের যৌক্তিকতা আরও জোরালো করতে পারে।
আগামী বৃহস্পতিবার সিনেটের ব্যাংকিং কমিটির সামনে প্রথমবারের মতো প্রকাশ্য শুনানিতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে হুয়াংয়ের। ফলে তার ব্যক্তিগত আচরণ এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে ট্রাম্পের ভূমিকা নিয়ে বিতর্ক আপাতত থামছে না।
অর্থনীতির স্বার্থে নীতিগত উদ্বেগ উপেক্ষা
ঘটনার তাৎক্ষণিক ফল ট্রাম্পের পক্ষে গেছে। এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। তবে হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক ঝুঁকি কতটা তৈরি হলো, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
একদিকে চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের নেতৃত্ব ও উন্নত চিপের বাজার ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে এসব চিপ চীনে পৌঁছানোর ঝুঁকি, সম্ভাব্য গোয়েন্দা সংশ্লিষ্টতা এবং ব্যক্তিগত সম্পর্কের কারণে জাতীয় নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা উপেক্ষা করা কঠিন।
ট্রাম্পের ভাষায়, ‘এটি সঠিক দিকে ছুটে চলা একটি রকেট। এটি পুরো বাজারকেই সঙ্গে টেনে তুলছে। এর মতো ঘটনা হয়তো আগে কখনো ঘটেনি।’
সূত্র : সিএনএন









