মার্কিন যুদ্ধমন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব, ঠেকানোর আহ্বান ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ফাইল ছবি / রয়টার্স
ইরান যুদ্ধে বিপর্যয়, কথিত মাদকবাহী নৌযানে হামলাসহ একাধিক অভিযোগে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস মাসি। তবে, হেগসেথের অভিশংসন ঠেকাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে মাসিকে ‘পুরোপুরি ব্যর্থ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, হেগসেথকে অভিশংসন নয়, বরং প্রশংসা করা উচিত।
স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, মাসি এমন একজন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের চেষ্টা করছেন, যিনি দেশের অন্যতম জনপ্রিয় ও সফল সামরিক কর্মকর্তা। হেগসেথের অধীনে সামরিক বাহিনীতে নিয়োগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ভেনেজুয়েলা ও ইরানে দুটি বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, ‘পিট হেগসেথের অভিশংসন নয়, প্রশংসা করা উচিত।’
এর আগে সোমবার মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন কেনটাকির রিপাবলিকান সদস্য মাসি। প্রতিনিধি পরিষদে প্রস্তাবের বিষয়বস্তু পড়ে শোনানোর সময় তিনি অভিযোগ করেন, হেগসেথ বেআইনি নির্দেশ বাস্তবায়ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্য হুমকি তৈরি করেছেন।
হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগের এই প্রস্তাব গত সেপ্টেম্বরে প্রথম উত্থাপন করেছিলেন মাসি। তবে সে সময় রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন আগেভাগেই অধিবেশন শেষ করে দেন। ফলে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়নি।
সোমবার সংবাদ সম্মেলনে মাসি বলেছেন, হেগসেথকে দায়িত্ব থেকে সরাতে চান—এমন যেকোনো আইনপ্রণেতার ভোটকে তিনি স্বাগত জানাবেন। এমনকি কেউ প্রস্তাবের বিস্তারিত না পড়েও তার পক্ষে ভোট দিতে চাইলে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
মাসি আরও বলেছেন, জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই হেগসেথের পদত্যাগ করা উচিত। তার ধারণা, নতুন কংগ্রেস হেগসেথের অধীনে প্রতিরক্ষা দপ্তর কীভাবে পরিচালিত হয়েছে, তা নিয়ে তদন্ত করবে। এতে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাক্ষ্যও নেওয়া হতে পারে।
তবে অভিশংসন প্রস্তাবের মুখে অনড় অবস্থান নিয়েছেন হেগসেথ। সোমবার সাংবাদিকদের তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনেক মানুষ নীতিগত বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন। তবে তাদের আপত্তি আসলে প্রশাসনের সাফল্য নিয়ে। ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান নিয়ে কংগ্রেসে আলোচনা বা তদন্ত হলে তিনি তা মোকাবিলায় প্রস্তুত বলেও জানিয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।
মাসির প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সহায়তা করে সংবিধান লঙ্ঘন করেছেন হেগসেথ। যুদ্ধক্ষমতা-সংক্রান্ত আইনে এ ধরনের সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
প্রস্তাবে আরও অভিযোগ করা হয়েছে, হেগসেথ এমন এক যুদ্ধকেন্দ্রিক পরিবেশ তৈরি করেছেন, যেখানে সামরিক অভিযানের নিয়মকানুন উপেক্ষা করা হয়েছে এবং বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এর উদাহরণ হিসেবে ইরানের মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের বোমা হামলার কথা উল্লেখ করেছেন মাসি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর দিকে ওই হামলায় প্রায় ১২০ শিশুসহ দেড় শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।
ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানে মার্কিন হামলার বিষয়টিও অভিশংসন প্রস্তাবে স্থান পেয়েছে। মাসির অভিযোগ, এসব হামলায় বাধ্যতামূলক সুরক্ষাব্যবস্থা উপেক্ষা করা হয়েছে এবং হেগসেথ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।
এ ছাড়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ, পেন্টাগনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করে মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ পরিচালনার অভিযোগও আনা হয়েছে হেগসেথের বিরুদ্ধে।
ট্রাম্প প্রশাসনের সমালোচক হিসেবে পরিচিত মাসি বিশেষ করে ইরান যুদ্ধের বিরোধিতা করে আসছেন। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার বিরোধও রয়েছে। চলতি বছরের রিপাবলিকান প্রাইমারিতে মাসির প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন করেছিলেন ট্রাম্প। ওই নির্বাচনে পরাজিত হন মাসি।
হেগসেথকে অভিশংসন করতে প্রতিনিধি পরিষদের ৪৩৫ সদস্যের সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন। এরপর তাকে পদ থেকে সরাতে সিনেটের ১০০ সদস্যের দুই-তৃতীয়াংশের ভোট লাগবে।
বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম। তবে মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়া ডেমোক্র্যাট সদস্যরা জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর হেগসেথের ওপর চাপ বাড়তে পারে। প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস, যিনি জানুয়ারিতে স্পিকার হতে পারেন, ইতোমধ্যে হেগসেথের অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন।
জেফরিস বলেছেন, তথাকথিত প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানে একটি বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ শুরু করেছেন।
তবে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা প্রায় ৫৪-এ পৌঁছালেও হেগসেথকে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে প্রয়োজনীয় ৬৭টি ভোট তাদের নেই।
রিপাবলিকান স্পিকার মাইক জনসনও মাসির প্রস্তাবের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক সুবিধা নেওয়া বা সস্তা কৌশলের জন্য মন্ত্রিসভার কোনো সদস্যকে অভিশংসন করা উচিত নয়।
ট্রাম্প প্রশাসনের অন্য কর্মকর্তারাও হেগসেথের অভিশংসনের বিরোধিতা করেছেন। ট্রাম্প রবিবার বলেছেন, হেগসেথের বিরুদ্ধে মূলত দুটি অভিযোগ—দুটি যুদ্ধে জয় পাওয়া। তার দাবি, ইরান ও ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্যকে রক্ষা করেছে যুক্তরাষ্ট্র। এমন সাফল্যের পর কাউকে অভিশংসনের কথা বলা কঠিন।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও হেগসেথের কাজের প্রশংসা করেছেন। ব্যাপক সমালোচনা সত্ত্বেও তিনি ভালো কাজ করেছেন বলে মন্তব্য করেছেন রুবিও। ইরান যুদ্ধকে ‘প্রয়োজনীয়’ বললেও এটি যে খুব একটা জনপ্রিয় নয়, তা স্বীকার করেছেন তিনি।
সূত্র : আলজাজিরা




