‘পারিবারিক ব্যবসার’ মতো এনভিডিয়ার বোর্ড, হুয়াংকে ফেরানোয় বিতর্ক

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ফাইল ছবি/ রয়টার্স
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদে ফিরিয়ে আনতে বোর্ডের সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তুলেছে কোম্পানিটির করপোরেট সুশাসন ও পরিচালনা পর্ষদের স্বাধীনতা নিয়ে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বোর্ড সদস্যরা হুয়াংয়ের ওপর যথাযথ নজরদারি করতে পেরেছেন কি না, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গত বছর এক পডকাস্টে হুয়াং বলেছিলেন, তিন দশক ধরে কোম্পানি পরিচালনায় বোর্ডের দীর্ঘদিনের সদস্য টেঞ্চ কক্স, মার্ক স্টিভেন্স ও হার্ভি জোন্সের সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাদের কেউ কখনো কোম্পানি বা তাদের ওপর আস্থা হারাননি বলেও মন্তব্য করেছিলেন তিনি।
এবার সেই সদস্যরাই হুয়াংকে বড় সংকট থেকে ফিরিয়ে এনেছেন। তবে তাদের সঙ্গে হুয়াংয়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা বোর্ডের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ১১ সদস্যের পরিচালনা পর্ষদের প্রায় অর্ধেকই কোম্পানির শুরুর সময় থেকে যুক্ত।
সবচেয়ে দীর্ঘদিন দায়িত্বে থাকা কক্স, স্টিভেন্স ও জোন্সের হাতে থাকা শেয়ারের সম্মিলিত মূল্য শুক্রবার থেকে সোমবারের মধ্যে প্রায় ২৫০ কোটি ডলার বেড়েছে। হুয়াংকে ফিরিয়ে আনার পর কোম্পানিটির শেয়ারের দাম এক দিনেই ৩০ শতাংশের বেশি বাড়ে।
অথচ এর এক সপ্তাহ আগেই বোর্ডের চেয়ারম্যান জোন্স জানিয়েছিলেন, হুয়াংয়ের পদত্যাগ সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছে এবং তাকে ফেরানোর কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা ছিল, হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা এক নারী চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন।
এ ছাড়া অধস্তন এক কর্মীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবরও প্রকাশিত হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে জানিয়েছেন, হুয়াংকে ফিরিয়ে আনতে তিনি বোর্ডের ওপর চাপ দিয়েছিলেন।
এনভিডিয়ার বোর্ডের দীর্ঘদিনের সদস্যদের মধ্যে জোন্স ১৯৯৩ সালে কোম্পানিটির যাত্রার সময় থেকেই যুক্ত। কক্স ও স্টিভেন্সও ওই বছর থেকে বোর্ডে রয়েছেন। ব্রুক সিওয়েল যোগ দেন ১৯৯৭ সালে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের এই সম্পর্ক বোর্ডে পারস্পরিক আস্থা ও একাত্মতা তৈরি করলেও প্রধান নির্বাহীর ওপর কঠোর নজরদারির ক্ষেত্রে বাধা হতে পারে।
সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জো-এলেন পজনারের মতে, সাধারণত একজন বোর্ড সদস্যের কার্যকারিতা আট থেকে ১০ বছর পর্যন্ত সর্বোচ্চ থাকে। এরপর তা দ্রুত কমে যায়। দীর্ঘদিন দায়িত্বে থাকা বোর্ডকে তিনি ‘জম্বি বোর্ড’ হিসেবে উল্লেখ করেছেন। কারণ, দীর্ঘ সম্পর্কের কারণে সদস্যরা প্রতিষ্ঠানের ভেতরের লোকের মতো হয়ে পড়েন এবং স্বাধীনভাবে নজরদারির ক্ষমতা হারাতে পারেন।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফরি সোনেনফেল্ড হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে করপোরেট সুশাসনের ‘সম্পূর্ণ ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন। তার মতে, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত।
তবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক ট্যালি বলেছেন, হুয়াংকে ফেরানো বা তাকে বাদ দেওয়ার মধ্যে বোর্ড কঠিন পরিস্থিতিতে পড়েছিল। তাকে বাদ রাখলে বড় গ্রাহক ও ট্রাম্প প্রশাসনের বিরাগভাজন হওয়ার ঝুঁকি ছিল। আবার ফিরিয়ে আনায় বোর্ডের দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং চলমান অভ্যন্তরীণ, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় তদন্তে নতুন তথ্য বের হলে বোর্ডকে জবাবদিহির মুখে পড়তে হতে পারে।
এদিকে, এনভিডিয়ার শেয়ারবাজারে বড় দরপতনের পর হুয়াংকে ফিরিয়ে আনা সব শেয়ারহোল্ডারের স্বার্থেই হয়েছে বলে বোর্ড মনে করে থাকতে পারে। তবে বিশেষজ্ঞদের সতর্কতা, বোর্ড সদস্যদের বিপুল শেয়ার মালিকানা ও ব্যক্তিগত সম্পদের সঙ্গে কোম্পানির সাফল্য সরাসরি জড়িয়ে গেলে দীর্ঘমেয়াদি স্বার্থের বদলে স্বল্পমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বাড়ে।
সূত্র : সিএনএন






