নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ করতে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক অবস্থানের সঙ্গে মিল রেখে ভৌগোলিক নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের আগ্রহের এটি সর্বশেষ উদাহরণ।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস থেকে কানসাসে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে যাওয়ার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘নিউ মেক্সিকোর অবিলম্বে নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখা উচিত। আমরা মেক্সিকো নই, আমরা যুক্তরাষ্ট্র!’
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ মেক্সিকোতে ৬ শতাংশ পয়েন্টের ব্যবধানে হেরেছিলেন ট্রাম্প। আগামী নভেম্বরে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা নিয়ে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ বাড়ছে। জনমত জরিপে অনেক ভোটার মনে করছেন, দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোতে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না প্রেসিডেন্ট।
ট্রাম্প দাবি করেছেন, অঙ্গরাজ্যটির নাম বদলালে বাড়ির দাম ও মানুষের আয় বাড়বে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। নির্বাচনে কারচুপির অভিযোগও আবার করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘হয়তো নিউ মেক্সিকো যে কারচুপিপূর্ণ নির্বাচনের জন্য পরিচিত, সেগুলোও আবার সৎ হয়ে উঠবে!’
এর আগেও নিউ মেক্সিকোর নাম বদলের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে অঙ্গরাজ্যটির একটি মানচিত্র প্রকাশ করেন তিনি। সেখানে ‘মেক্সিকো’ শব্দটি কেটে নিচে ‘আমেরিকা’ লেখা ছিল। হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও ছবিটি প্রকাশ করা হয়।
এটি নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ। গত আগস্টে কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে নির্বাহী আদেশে অন্টারিও হ্রদের নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার উদ্যোগ নেন তিনি। এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ রাখেন। হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার কথাও একাধিকবার বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, দেশটি প্রতিষ্ঠারও আগে ষোড়শ শতাব্দীতে ‘নিউ মেক্সিকো’ নামটির প্রচলন শুরু হয়।
সোমবার সন্ধ্যায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট গভর্নর মিশেল লুজান গ্রিশাম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আবারও বলছি, যুক্তরাষ্ট্রের অস্তিত্বের অনেক আগে থেকেই নিউ মেক্সিকো ছিল নিউ মেক্সিকো, আর চিরকালই নিউ মেক্সিকো থাকবে।’
অঙ্গরাজ্যটির সিনেটর বেন রে লুহানও প্রস্তাবের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, নিউ মেক্সিকোর নামের সঙ্গে বহু প্রজন্মের ইতিহাস, সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্য জড়িয়ে রয়েছে। এসবই অঙ্গরাজ্যটির মানুষের পরিচয় গড়ে তুলেছে।
তিনি আরও লিখেছেন, ‘আমরা নিউ মেক্সিকোর বাসিন্দা। আমাদের নাম ও আবাসভূমি নিয়ে আমরা গর্বিত এবং দুটিই ধরে রাখব। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার বহু পরেও নিউ মেক্সিকো নিউ মেক্সিকোই থাকবে।’
সূত্র : সিএনএন




