গুলির শব্দে আতঙ্কিত যুক্তরাষ্ট্র, একাধিক হামলায় হতাহত অনেকে

ছবি: রয়টার্স
নিউইয়র্কের ব্রুকলিনে লক্ষ্যভ্রষ্ট গুলিতে পাঁচ সন্তানের ৩৩ বছর বয়সী এক মায়ের মর্মান্তিক মৃত্যু যেন যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া বন্দুক সহিংসতার নতুন এক ভয়াবহ প্রতিচ্ছবি। রবিবার ভোরে ক্রাউন হাইটসে একটি লাউঞ্জের বাইরে সংঘর্ষের মধ্যে ছোড়া গুলি কেড়ে নেয় সোফ্রোনি হার্টজগের জীবন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
ব্রুকলিনের এই হৃদয়বিদারক ঘটনার সঙ্গে সাম্প্রতিক কয়েক দিনে ভার্জিনিয়া, কেনটাকি, মিশিগান ও টেক্সাসে ঘটে যাওয়া একাধিক বন্দুক হামলা মিলিয়ে ২০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। কোথাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোথাও পার্ক, আবার কোথাও ব্যস্ত সড়ক—গুলির আতঙ্ক যেন ক্রমেই ঢুকে পড়ছে আমেরিকার স্বাভাবিক জীবনের ভেতরে।
ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় বার্গেন স্ট্রিট ও হাওয়ার্ড অ্যাভিনিউয়ের কাছে একটি লাউঞ্জের বাইরে রবিবার ভোররাত আনুমানিক ২টা ২৩ মিনিটে প্রায় ১০০ মানুষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলি ছোড়া হলে একটি লক্ষ্যভ্রষ্ট গুলি গিয়ে লাগে সোফ্রোনি হার্টজগের পিঠে। তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে পাশের একটি বারে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পর বাথরুমে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
একই ঘটনায় ৩৪ বছর বয়সী আরেক ব্যক্তি পেটে গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা স্থিতিশীল।
প্রাথমিকভাবে দুই ব্যক্তিকে আটক করা হলেও পরে তাদের হামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। কারা গুলি চালিয়েছিল এবং সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছিল—তা এখনো স্পষ্ট নয়।
এর আগে, ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির আবাসিক এলাকায় ভোররাতে গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ঘটনার পর ক্যাম্পাসে লকডাউন জারি করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। পরে ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জনসমাগমপূর্ণ একটি পার্কে হঠাৎ গুলির ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এদিকে, মিশিগানের মিসকাউকি কাউন্টিতে একাধিক স্থানে গুলির ঘটনায় পাঁচজন নিহত হন। পরে সন্দেহভাজন বন্দুকধারীও মারা যায়। সব মিলিয়ে প্রাণহানি দাঁড়ায় ছয়ে।
ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরীও গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থাতেও সে জরুরি নম্বরে ফোন করে সাহায্য চায়।
অন্যদিকে, টেক্সাসের হিউস্টনে চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজনের মুখোমুখি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সন্দেহভাজনও আহত হন।
একই চিত্র, ভিন্ন শহর
ব্রুকলিনের রাতের সংঘর্ষ, ভার্জিনিয়ার বিশ্ববিদ্যালয়, কেনটাকির পার্ক, মিশিগানের একাধিক এলাকা কিংবা হিউস্টনের রাস্তা—ঘটনাগুলোর কারণ আলাদা হলেও পরিণতির চিত্র প্রায় একই। গুলির শব্দ, আতঙ্কিত মানুষ, আহতদের হাসপাতালে নেওয়া এবং স্বজনদের উৎকণ্ঠা।
সাম্প্রতিক ঘটনাগুলো আবারও যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিতর্ককে সামনে এনেছে। অস্ত্রের সহজলভ্যতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, ব্যক্তিগত বিরোধ, অপরাধ, মানসিক সংকট এবং আইন প্রয়োগ—সবকিছু নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে।





