নাটালি হার্পকে কেন ৪৫ হাজার ডলার উপহার দিলেন ট্রাম্প

এয়ার ফোর্স ওয়ান থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নামছেন নাটালি হার্প- রয়টার্স
হোয়াইট হাউসে নিজের ঘনিষ্ঠ সহকারীদের বিশাল অঙ্কের বড়দিনের উপহার দিয়ে চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাহী সহকারী নাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার দিয়েছেন তিনি।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, একই পরিমাণ অর্থ পেয়েছেন হোয়াইট হাউসের আরও দুই কর্মী মার্গো মার্টিন ও চেম্বারলেইন হ্যারিসও ।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ আর্থিক তথ্য প্রকাশের নথির বরাত দিয়ে জানিয়েছে, তিন নারীই এসব অর্থকে ‘ছুটির দিনের নগদ উপহার’ হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রায় সব সময়ই তার পাশে দেখা গেছে হার্পকে। কখনো তিনি ট্রাম্পের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট টাইপ করে দেন, আবার কখনো বিভিন্ন তথ্য প্রিন্ট করে দেন। এ কারণে তাকে ‘হিউম্যান প্রিন্টার’ বা ‘মানব প্রিন্টার’ নামে অভিহিত করা হয়েছে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র এসব উপহারের পক্ষে সাফাই দিয়ে বলেছেন, ট্রাম্পের দীর্ঘদিনের অভ্যাস হলো তার ঘনিষ্ঠ পরিমণ্ডলের মানুষদের বড়দিনের উপহার দেওয়া। এর মধ্যে কখনো কখনো কর্মী ও সহকারীরাও থাকেন।
মুখপাত্রের দাবি, এসব উপহারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বের কোনো সম্পর্ক নেই। ফলে ‘প্রাসঙ্গিক আইন ও নৈতিকতার মানদণ্ড অনুযায়ী এগুলো সম্পূর্ণ অনুমোদিত’।
সূত্র: এএফপি






