হ্রদের পানিতে লুকিয়ে ছিল ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’, প্রাণ গেল ৮ বছরের মার্কিন শিশুর

সংগৃহীত ছবি
হ্রদে সাঁতার কাটতে নেমেছিল ৮ বছরের লিলিয়ান স্মার্ট, কিন্তু সেই পানিতেই লুকিয়ে ছিল প্রাণঘাতী এক পরজীবী। ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নামে পরিচিত বিরল নেগলেরিয়া ফাওলেরিতে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার এই শিশু। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এমন সংক্রমণ অত্যন্ত বিরল হলেও প্রায় সব ক্ষেত্রেই প্রাণঘাতী।
রুস্টনের বাসিন্দা লিলিয়ান স্মার্ট ৮ বছরে পা রাখার কিছুদিন পরই মারা যায় বলে তার মা-বাবা জানিয়েছেন। ফেসবুকে রবিবার তার পরিবার এক পোস্টে বলেছে, ‘গত রাতে লিলিয়ান আমাদের বাহু থেকে যিশুর বাহুতে ছুটে গেছে। তার মস্তিষ্কে এতটাই গুরুতর ক্ষতি হয়েছিল যে তার ছোট্ট শরীর আর তা কাটিয়ে উঠতে পারেনি।’
এর আগে তার পরিবার জানিয়েছিল, ‘পরজীবীর কারণে’ তার মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব দেখা দিয়েছিল।
এই অ্যামিবা উষ্ণ মিঠা পানিতে বাস করে। দূষিত পানি নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে পৌঁছালে এটি স্নায়ুতন্ত্রে সংক্রমণ ঘটাতে পারে। তবে পানি গিলে ফেললে এ সংক্রমণ হয় না এবং একজনের কাছ থেকে আরেকজনের শরীরেও এটি ছড়ায় না।
স্বাস্থ্য বিভাগ বলেছে, ‘এই সংক্রমণ অত্যন্ত বিরল, তবে প্রায় সব ক্ষেত্রেই প্রাণঘাতী।’
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৩৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে নেগলেরিয়া ফাওলেরিতে আক্রান্ত হওয়ার মাত্র ১৮০টি নিশ্চিত ঘটনা শনাক্ত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







