‘ডিপ স্টেটের শিকার নিক্সন’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
ওয়াটারগেট কেলেঙ্কারিকে গুরুত্বহীন বিষয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে অন্যায়ভাবে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল ‘ডিপ স্টেট’। একই সঙ্গে নিক্সনের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিজ্ঞতার মিল খুঁজে দেখান ভ্যান্স।
বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার রিচার্ড নিক্সন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে দেওয়া বক্তব্যে ভ্যান্স বললেন, ‘ওয়াটারগেট যদি আজ ঘটত, তাহলে এটি হয়তো ১২ ঘণ্টার একটি সংবাদে সীমাবদ্ধ থাকত। একজন প্রেসিডেন্টের পতনের কারণ হতে পারত— এমন ধারণা অবিশ্বাস্য।’ তবে তার এ মন্তব্যের পর সমালোচনা শুরু হয়। ভ্যান্সের কার্যালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। ১৯৭২ সালে ওয়াশিংটনের ওয়াটারগেট ভবনে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কার্যালয়ে আড়িপাতার ব্যর্থ চেষ্টা থেকে ওয়াটারগেট কেলেঙ্কারির সূত্রপাত হয়। পরবর্তী তদন্তে উঠে আসে, প্রেসিডেন্ট নিক্সন ঘটনাটি সম্পর্কে অবগত ছিলেন এবং তা গোপন করতে হোয়াইট হাউজ থেকে গোপনে অর্থ প্রদানের নির্দেশ দিয়েছিলেন। কেলেঙ্কারি প্রকাশের দুই বছর পর ১৯৭৪ সালে তিনি পদত্যাগ করেন।




