স্টারলিংক ব্যবহার করেই মার্কিন সেনাদের ওপর হামলা করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের প্রধান নির্বাহী ইলন মাস্ক। ফাইল ছবি / রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মার্কিন সেনাদের ওপর পাল্টা হামলায় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের অননুমোদিত ব্যবহার শনাক্ত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের কর্মকর্তারা দুটি অননুমোদিত ব্যবহারের ঘটনা শনাক্ত করেন। তাদের ধারণা, এগুলো মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানের সঙ্গে সম্পর্কিত। বিষয়টি জানার পর মাস্ক ক্ষোভ প্রকাশ করেন বলে অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তি জানিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে এ জন্য স্থলভিত্তিক অভিযানের উপযোগী তুলনামূলক কম খরচের একটি পরিকল্পনা ব্যবহার করা হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে দেওয়া একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন জমা পড়েছে বলে তারা জানে না। এ বিষয়ে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানে স্টারলিংক ব্যবহারের অনুমতি নেই। তবে মাস্ক এর আগে জানিয়েছেন, দেশটিতে এই সেবা চালু রয়েছে। বিভিন্ন সময়ে বিক্ষোভের সময় ইরান সরকার সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। গত জানুয়ারিতে প্রাণঘাতী দেশব্যাপী বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রের সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেন ও ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে সংঘাতপূর্ণ এলাকায় স্টারলিংকের ব্যবহার, এর ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা পক্ষগুলোর অননুমোদিত ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনুমোদনহীন ব্যবহার ঠেকাতে গ্রাহকদের ওপর নজরদারিসহ নেটওয়ার্ক ব্যবহারে বিধিনিষেধও বাড়িয়েছে স্পেসএক্স।
এর আগে রাশিয়া যেন স্টারলিংক ব্যবহার করে হামলাকারী ড্রোন পরিচালনা করতে না পারে, সে জন্য ইউক্রেনের অনুরোধে ব্যবস্থা নিয়েছিলেন মাস্ক। তবে ইরানে স্টারলিংক সেবা বন্ধ করলে সরকারবিরোধী আন্দোলনকারীদের যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্টারলিংকের একটি টার্মিনালের ছবি দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ব্যবস্থা ইরানের জনগণকে চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা চর্চায় সহায়তা করে।
ইরানের প্রতিনিধিরা একসময় পক্ষত্যাগ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানাতে পারবেন—এ কথা বলে তিনি যন্ত্রটি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কাছে রেখে যাওয়ার কথাও জানিয়েছিলেন।
সূত্র : টাইমস অব ইসরায়েল




