দূরত্ব ঘুচিয়ে এরদোয়ানের সঙ্গে বৈঠকে হাফতার, লক্ষ্য ‘এক লিবিয়ার’

খলিফা হাফতার— রয়টার্স
দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বিভাজন কাটিয়ে লিবিয়াকে এক করার প্রচেষ্টার মধ্যে এবার খলিফা হাফতারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে তুরস্ক। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আঙ্কারা সফরে করছেন তিনি। সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। লিবিয়ার গৃহযুদ্ধের অন্যতম প্রধান সামরিক নেতা হাফতার। দেশটির পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ তার নেতৃত্বাধীন বাহিনীর হাতে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সরকারের আমন্ত্রণে তুরস্কের রাজধানীতে পৌঁছেছেন হাফতার।
তুরস্কের এক সূত্র জানিয়েছে, সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন।
গত কয়েক বছরে আঙ্কারা পূর্ব লিবিয়ার কার্যত শাসক ও লিবিয়ান আরব আর্মড ফোর্সেসের (এলএএএফ) কমান্ডার হাফতারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে। তার ছেলে সাদ্দামের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে তুরস্ক।
গত মাসে লিবিয়ার পূর্বাঞ্চলের পার্লামেন্ট তুরস্কের সঙ্গে সামুদ্রিক সীমানা নির্ধারণ চুক্তি অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে আঙ্কারা ও পূর্ব লিবিয়ার সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।
আঙ্কারাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেতার আঞ্চলিক বিশেষজ্ঞ তুনচ দেমিরতাশ মিডল ইস্ট আইকে বলেন, দুই পক্ষের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা হিসেবে তুরস্ক শিগগিরই হাফতারের পাশাপাশি লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবেহকেও আতিথ্য দিতে পারে।
দেমিরতাশ বললেন, ‘আঙ্কারা “এক লিবিয়া” লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। অচলাবস্থা কাটাতে এসব সফর গুরুত্বপূর্ণ হবে।’
তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে তুরস্ক-আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে এরদোয়ানের লিবিয়া সফরের কথা রয়েছে।
সপ্তাহান্তে ইস্তাম্বুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও দেশটির গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছেন দবেইবেহ।
দেমিরতাশ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক প্রভাব লিবিয়ার কাছাকাছি জলসীমায় ছড়িয়ে পড়ায় দেশটির ভেতরে ও আশপাশে স্থিতিশীলতার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে।
তার মতে, লিবিয়ার ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সেই স্থিতিশীলতা আসতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, লিবিয়ার পশ্চিম উপকূলের কাছে ইউক্রেনীয় বাহিনী একটি রুশ করভেট ও একটি পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে।
তুরস্ক ও যুক্তরাষ্ট্র লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুই সামরিক সংগঠনকে একীভূত করার চেষ্টা করছে। এর একটি ত্রিপোলিতে, অন্যটি বেনগাজিতে অবস্থিত।
গত মাসে চুক্তিটি চূড়ান্ত করার চেষ্টা ব্যর্থ হয়। চূড়ান্ত খসড়া নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি।
তুরস্ক ও এ অঞ্চলের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের সমর্থনে এমন একটি চুক্তির মধ্যস্থতা করেছিল, যা লিবিয়ার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবিরগুলোর প্রতিনিধিরা আগস্টে ত্রিপোলিতে অনুমোদন করেন।
চুক্তিটি দুই বছরের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের পথ তৈরি করতে পারে।
সূত্র: মিডলইস্ট আই



