যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান

সংগৃহীত ছবি
যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তি আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান। রবিবার আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে এমন তথ্য। কাতারের একটি গ্যাসবাহী ট্যাংকারকে অবরুদ্ধ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছে একই সময়ে।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানো জবাবটি এই পর্যায়ে মূলত যুদ্ধ বন্ধ করার বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি এর বিস্তারিত।
গত সপ্তাহে বিচ্ছিন্ন সংঘর্ষের পর প্রায় ৪৮ ঘণ্টার তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যেও রবিবার উপসাগরীয় কয়েকটি দেশের আকাশে শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করা হয়েছে, যা এক মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও সামনে এনেছে অঞ্চলের বিদ্যমান হুমকিকে।
তবে কাতারএনার্জি পরিচালিত আল খারাইতিয়াত নামের গ্যাসবাহী জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং পাকিস্তানের পোর্ট কাসিমের দিকে রওনা হয়েছে বলে জাহাজ চলাচল বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য জানিয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর এটিই প্রথম কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ, যা প্রণালিটি অতিক্রম করল।
সূত্রগুলো জানিয়েছে, গুরুত্বপূর্ণ গ্যাস আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটের ঢেউয়ের পর পাকিস্তানকে কিছুটা স্বস্তি দিতে এই চালান পাঠানোর অনুমোদন দিয়েছে ইরান। একই সঙ্গে যুদ্ধের মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের সঙ্গে আস্থা গড়ে তোলার উদ্দেশ্যও রয়েছে এতে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বিতর্কিত বিষয়গুলো, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘটানোর কথা বলা হয়েছে।
চীন সফরের আগে যুদ্ধ শেষের চাপে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সপ্তাহে চীন সফরের কথা রয়েছে। এর আগে যুদ্ধের ইতি টানার চাপ বেড়েছে, কারণ এই সংঘাত বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে এবং বিশ্ব অর্থনীতির জন্য হয়ে উঠেছে ক্রমবর্ধমান হুমকি।
তবে দুপক্ষের অচলাবস্থা ভাঙার কূটনৈতিক প্রচেষ্টা এবং কাতারের গ্যাসবাহী জাহাজের যাত্রা সত্ত্বেও, সমুদ্রপথ ও আঞ্চলিক অর্থনীতির জন্য হুমকি এখনো রয়েছে উচ্চ পর্যায়ে।
সংযুক্ত আরব আমিরাত রবিবার জানিয়েছে, তারা ইরান থেকে আসা দুটি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে কাতার তাদের জলসীমায় আবুধাবি থেকে আসা একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে। কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা শত্রুপক্ষের ড্রোন মোকাবিলা করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তেহরান মূলত ইরানি নয়— এমন জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে সংকীর্ণ হরমুজ প্রণালিতে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো এবং এটি এখন যুদ্ধের অন্যতম প্রধান চাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি শনিবার মিয়ামিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। পরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বলেছেন, ‘চাপ প্রয়োগের হাতিয়ার’ হিসেবে হরমুজ প্রণালি ব্যবহার করলে সংকট আরও গভীর হবে।




