হরমুজ প্রণালি ‘অত্যন্ত ভালো অবস্থায়’ : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি ‘অত্যন্ত ভালো অবস্থায়’ রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। প্রতিদিন রাতে গড়ে ৩০টি জাহাজ চলাচলে নৌবাহিনী সহযোগিতা করছে বলেও জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরানের অর্থনীতি, সামরিক সক্ষমতা ও নেতৃত্ব অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তবে এর অর্থ এই নয় যে, পরিস্থিতি যাচাই করতে ইরানের ওপর আবারও আঘাত হানবে না যুক্তরাষ্ট্র।
এদিকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের পদক্ষেপের সুযোগ খোলা রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই। আল জাজিরাকে তিনি বলেন, ইরান বিষয়ে সব ধরনের বিকল্প বিবেচনায় রাখা হয়েছে এবং ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের সক্ষমতা অত্যন্ত শক্তিশালী।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট খুব স্পষ্ট করে বলেছেন, তিনি সব ধরনের বিকল্প খোলা রেখেছেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বকে নিরাপদ রাখতে নিজের হাতে থাকা প্রতিটি উপায় ব্যবহারে তিনি প্রস্তুত। অর্থনৈতিক চাপ প্রয়োগের ব্যবস্থাও প্রেসিডেন্ট ও প্রশাসনের হাতে থাকা অত্যন্ত শক্তিশালী একটি উপায়।’
এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো এমন পরিস্থিতি তৈরি করা, যাতে তেহরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী হয়।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে হলে যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ করতে হবে। কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আরাগচি বলেন, ‘সব বৈঠকে যে বিষয়টি উঠে এসেছে, তার মধ্যে একটি হলো ইসলামাবাদ সমঝোতা স্মারক। দুই দেশের প্রেসিডেন্ট এই স্মারকে স্বাক্ষর করেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে এবং সমঝোতা স্মারকের শর্ত মেনে চলতে হবে। কেবল তখনই আমরা বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারব। কারণ সব দেশই যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান চায়।’
পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটি ছিল একটি অন্তর্বর্তী শান্তি চুক্তি, যার মেয়াদ শেষ হয়েছে ১৭ আগস্ট।








