ইমরান খানের দলের লংমার্চ ঘিরে ১৪৪ ধারা রাওয়ালপিন্ডিতে

লংমার্চটি এখন রয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। ছবি: রয়টার্স
পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় এক মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছেন জেলার ডেপুটি কমিশনার ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) নাদিম নাসির।
কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের মধ্যেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
লংমার্চটি এখন রয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। তবে শুরুতে দলটি ঘোষণা দিয়েছিল ইসলামাবাদের দিকে যাওয়ার। শনিবারও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল খান আফ্রিদি জানিয়েছেন, তিনি মিছিলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদের দিকে যাবেন।
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের রাজধানী ইসলামাবাদমুখী এ লংমার্চ গত ৪ অক্টোবর খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু হয়। এ কর্মসূচি আজ অষ্টম দিনেও অবস্থান করছে খাইবার পাখতুনখাওয়ায়।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জেলার গোয়েন্দা কমিটির বৈঠকে জানানো হয় রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ সড়ক ও অন্যান্য অবকাঠামোর ওপর হামলা বা নাশকতার আশঙ্কার কথা। এতে মানুষের জীবন, সরকারি-বেসরকারি সম্পদ এবং জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর ঝুঁকিতে পড়তে পারে বলে করা হয়েছে সতর্ক।
গোয়েন্দা তথ্যের বরাতে ডন জানিয়েছে, কিছু গোষ্ঠী পরিকল্পনা করছে বড় জমায়েত, বিক্ষোভ ও বিশৃঙ্খল সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর। এসব গোষ্ঠী গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল এলাকার আশপাশে জড়াতে পারে সহিংসতায়।
১৪৪ ধারা জারি করে জেলার ডেপুটি কমিশনার নাদিম নাসির নিষিদ্ধ করেছেন পাঁচজনের বেশি মানুষের জমায়েত। নিষিদ্ধ করা হয়েছে প্রকাশ্যে অস্ত্র বহন বা প্রদর্শনও।
এ ছাড়া তাৎক্ষণিকভাবে বিস্ফোরক তৈরি বা ব্যবহারের সরঞ্জাম, ধারালো বস্তু, ভারী লাঠি, গুলতি, বল বিয়ারিং, পেট্রলবোমা এবং শারীরিক ক্ষতি করতে পারে, এমন অন্যান্য সরঞ্জাম বহনেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
নির্দেশনায় ড্রোন ব্যবহার, সমাবেশ ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টাও করা হয়েছে নিষিদ্ধ। আইন অনম্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।
পাকিস্তানের আরও কয়েকটি এলাকায় কার্যকর রয়েছে ১৪৪ ধারা। গত ১৮ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে ইসলামাবাদে দুই মাসের জন্য এ ধারা জারি করা হয়।
ওই আদেশে রাজধানীর রাজস্ব প্রশাসনিক সীমানার মধ্যে, রেড জোনসহ সব জনসমাগমস্থলে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ ও বিক্ষোভ করা হয়েছে নিষিদ্ধ।
অন্যদিকে, লাহোরে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে ১৪৪ ধারা। জনশান্তি, নিরাপত্তা এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার জন্য গুরুতর হুমকির কথা উল্লেখ করে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জনসমাগমস্থল, সড়ক ও খোলা জায়গায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল ও সমাবেশ পুরোপুরি করা হয়েছে নিষিদ্ধ।
সূত্র : ডন




