মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের কাছে সময় চাইল পাকিস্তান

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা এগোচ্ছে এবং দ্রুত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি মনে করেন, সময় বাড়ালে শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হবে। একই সঙ্গে ইরানকে হরমুজ প্রণালী দুই সপ্তাহের জন্য খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া সব পক্ষকে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি পালনের অনুরোধ করেন শাহবাজ শরিফ। তার মতে, এই সময়টুকু কূটনীতিকে সফল করতে সহায়তা করবে এবং অঞ্চলে স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখবে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মঙ্গলবারের নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত বন্ধে চুক্তি না হলে ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে।’
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘একটি পুরো সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে, যা আর কখনও ফিরে আসবে না। আমি তা চাই না, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে।’
তিনি আরও বলেছেন, ‘আজ রাতেই আমরা জানতে পারব, বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।’
এর আগেও ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছিলেন।
মঙ্গলবার দিনভর ইরানের একাধিক স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের একটি গুরুত্বপূর্ণ রেলসেতুও ধ্বংস করেছে তারা।
ট্রাম্পের দেওয়া সময়সীমা, মঙ্গলবার রাত ৮টা ইস্টার্ন টাইম। তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা। [বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা]
সূত্র: বিবিসি















