যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী’ তালিকায় থাকা ইরানপন্থী গোষ্ঠীর নেতাকে উপপ্রধানমন্ত্রী করল ইরাক

লাইথ আল-খাজালি— সংগৃহীত ছবি
ইরাকের পার্লামেন্ট ইরান-সমর্থিত আসাইব আহল আল-হক আন্দোলনের এক জ্যেষ্ঠ নেতাকে উপপ্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সরকার গঠনের কাজ সম্পন্ন হলো। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব সামলাতে হচ্ছে দেশটিকে।
আইনপ্রণেতারা বৃহস্পতিবার তিনজন উপপ্রধানমন্ত্রী ও ১১ জন মন্ত্রীকে অনুমোদন দেন। তাদের মধ্যে নাইফ আল-শাম্মারি প্রতিরক্ষামন্ত্রী এবং ইয়াসির আল-মালিকি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।
উপপ্রধানমন্ত্রীদের একজন লাইথ আল-খাজালি আসাইব আহল আল-হক আন্দোলনের নেতা কাইস আল-খাজালির ভাই। ২০২০ সালে যুক্তরাষ্ট্র গোষ্ঠীটিকে বিদেশি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করে। ২০০৭ সালে পাঁচ মার্কিন সেনা নিহত হওয়ার হামলাসহ বিভিন্ন হামলার অভিযোগে দুই ভাইকেও ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।
ইরাকে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে ২০১৯ সালে মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
আল-জাইদি বলেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের কারণে তার সরকার নজিরবিহীন অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুদ্ধের আগে ইরাক হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। এতে সরকারের ৯০ শতাংশ রাজস্ব আসত।
বেতন পরিশোধের অর্থ জোগাতে আল-জাইদি মার্কিন ডলারের বিপরীতে ইরাকি দিনারের মূল্য প্রায় ১৫ শতাংশ কমিয়েছেন। তিনি রাষ্ট্রের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার অঙ্গীকারও করেছেন।
সূত্র: আল জাজিরা



