রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত, বাতিল ফ্লাইট চলাচল

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী দুজন এবং এ বিষয়ে অবগত দুজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি বিস্ফোরণ হতে দেখেছেন। এরপর বিমানবন্দরের ভেতরে মেঝেতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা গেছে।
এ ঘটনা নিয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ইরানের ঘনিষ্ঠ ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানোর মধ্যেই শনিবারের এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহেই বিমানবন্দরটিতে দুবার হামলা হয়েছে। এতে চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। পাশাপাশি একটি উড়োজাহাজের ব্যাপক ক্ষতি হয়।
ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। একপর্যায়ে বিমানবন্দরের ওপর কেবল একটি হেলিকপ্টারকে উড়তে দেখা যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলেছে।
কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে সৌদি রাজধানীতে যাওয়া ও সেখান থেকে আসা ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান সংস্থাটি এর কারণ হিসেবে সেখানকার ‘নিরাপত্তা পরিস্থিতির’ কথা উল্লেখ করেছে।
এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও নিজ নিজ প্রধান কেন্দ্র থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করে। কিছু ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার এবং সপ্তাহের শুরুর দিকে হুতিদের হামলার পর বেশ কয়েকটি বিমান সংস্থা সৌদি রাজধানীতে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করে। এর কয়েক দিন পরই রিয়াদে বড় ধরনের জ্বালানি ও বিনিয়োগবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনগুলোর আয়োজকেরা শনিবার জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানগুলো হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তারা।
চলতি মাসের শুরুতে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকার হুতি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করার পর হুতিরা সৌদি আকাশসীমা এড়িয়ে চলার জন্য যাত্রীবাহী উড়োজাহাজগুলোকে সতর্ক করেছে। আকাশসীমাটিকে সামরিক অভিযানের এলাকা ঘোষণা করেছে গোষ্ঠীটি।



