আরাফাতের উপদেষ্টা থেকে নেসেটে আজান, ইসরায়েলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার আহমাদ তিবি কে

আহমাদ তিবি— রয়টার্স
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব মুভমেন্ট ফর রিনিউয়াল (তা’আল) পার্টির চেয়ারম্যান আহমাদ তিবি। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করে আসা অভিজ্ঞ এই আইনপ্রণেতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
নির্বাচিত হওয়ার পর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিবি এ ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোয় ইসরায়েলের সরকার পরিচালনা করা বা সরকারের অংশ থাকা উগ্র ডানপন্থী দলগুলোর বিরুদ্ধে বিজয় হিসেবে তুলে ধরেন।
তিনি বললেন, ‘এটি জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। জোটটি ১১টি আসন পেয়েছে।’ আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর এই জোটের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
তিবি আরও বলেছেন, ‘লিকুদ ও বেন-গভির আমার নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের বেপরোয়া উসকানি সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছেন।’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ এবং উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
আরাফাতের উপদেষ্টা
১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর তাইবে শহরে জন্মগ্রহণ করেন তিবি। ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত হওয়া একটি পরিবারে তার জন্ম। প্রথমে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন তিনি। ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেন। তবে দ্রুতই রাজনৈতিক কর্মকাণ্ড তার চিকিৎসকজীবনকে ছাড়িয়ে যায়।
১৯৮৪ সালে তিউনিসিয়ার তিউনিস শহরে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করেন তিবি। সেসময় ইসরায়েলের আইনে পিএলওকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তা সত্ত্বেও তিনি এ সাক্ষাৎ করেন।
ফিরে আসার পর ইসরায়েলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি। পরে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিবি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্র ছিলেন তিনি।
সেসময় ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন। ওই সম্মেলনে অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয় ইসরায়েল। অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে সম্মত হয়। ইসরায়েল-ফিলিস্তিনের অন্যান্য চুক্তির মতো ওয়াই রিভার সমঝোতা স্মারকও শিগগিরই পরিত্যক্ত হয়।
পার্লামেন্টে লড়াই
১৯৯৬ সালে তা‘আল প্রতিষ্ঠা করেন তিবি। ১৯৯৯ সালে প্রথমবারের মতো নেসেটের সদস্য নির্বাচিত হন তিনি। নিজেকে ‘ইসরায়েলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি’ হিসেবে পরিচয় দেন তিবি। তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকারের পক্ষে কথা বলেন।
ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করার বিষয়টি তিনি নিয়মিত চ্যালেঞ্জ করে আসছেন। এর পরিবর্তে দেশটিকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেন এবং ‘সব নাগরিকের জন্য একটি রাষ্ট্র’ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেন।
তার স্পষ্টবাদী অবস্থান এবং মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বারবার ইসরায়েল সরকার ও সহিংস উগ্র ডানপন্থী কর্মীদের লক্ষ্যবস্তু হয়েছেন তিনি।
২০০০ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ইন্তিফাদার সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উসকানিমূলকভাবে প্রবেশ করেন অ্যারিয়েল শ্যারন। এ সময় তার মুখোমুখি হলে তিবির ডান হাত ভেঙে যায়। পরের বছর শ্যারন ইসরায়েলের প্রধানমন্ত্রী হন।
২০০২ সালে সামরিক অভিযানের সময় জেনিন শরণার্থীশিবিরে প্রবেশ করে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হন তিবি। এরপর তার সংসদীয় দায়মুক্তি প্রত্যাহার করে নেয় ইসরায়েল।
পার্লামেন্টে নাটকীয় প্রতিবাদের জন্যও পরিচিত তিবি। ২০১৬ সালে জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করার প্রস্তাবিত একটি ইসরায়েলি বিলের প্রতিবাদে নেসেটের অধিবেশনকক্ষে দাঁড়িয়ে আজান দেন তিনি।
সূত্র: আল জাজিরা




