ইরান কূটনীতিক সমাধান চাইলেও যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে আগ্রাসনের পথ: আরাঘচি

আব্বাস আরাঘচি— রয়টার্স
ইরান কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র আগ্রাসন ও অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সোমবার এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের ৩০তম বৈঠকে বক্তব্য দেন আরাঘচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা তার বক্তব্যের প্রতিলিপি অনুযায়ী, তিনি বলেন, গত দুই বছর ধরে তেহরান কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি রক্ষা করেছে।
তিনি বললেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছে।’ এ সময় তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে আগ্রাসন, হুমকি, পরিকল্পিত হত্যাকাণ্ড, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে অবরোধ আরোপের অভিযোগ করেন।
বৈঠকের আয়োজন এবং ইরানি প্রতিনিধিদলকে আতিথ্য দেওয়ার জন্য পাকিস্তান ও ইসিও সচিবালয়কে ধন্যবাদ জানান আরাগচি।
তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক চায় তেহরান। এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইরানের কোনো মৌলিক বিরোধ নেই।
আরাঘচির মতে, ‘এ অঞ্চলের কোনো দেশের ভূখণ্ড, আকাশসীমা ও স্থাপনাকে একে অপরের বিরুদ্ধে হামলার মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়।’
তার দাবি, ইরানের সামরিক অভিযান শুধু দেশটিতে হামলাকারীদের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। এসব অভিযানকে প্রতিবেশী সরকার বা সেসব দেশের জনগণের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে দেখা উচিত নয়।
তিনি এমন একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপের আহ্বান জানান, যার নেতৃত্ব থাকবে আঞ্চলিক দেশগুলোর হাতে। এ সংলাপের মাধ্যমে এমন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার কথা বলেন তিনি, যাতে একে অপরের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ থাকে এবং তৃতীয় কোনো দেশ অন্য রাষ্ট্রের ওপর হামলা চালাতে আঞ্চলিক ভূখণ্ড ব্যবহার করতে না পারে।
আরাঘচি আরও বলেছেন, নিষেধাজ্ঞা ইরানিদের নিজেদের অধিকার রক্ষা এবং তার ভাষায়, অতিরিক্ত ও বেআইনি দাবি প্রতিহত করার সংকল্প আরও দৃঢ় করেছে।
জ্বালানি সরবরাহ
অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আরাঘচি বলেন, ইসিওর মধ্যে সহযোগিতার ‘তিনটি কৌশলগত স্তম্ভ’ হওয়া উচিত বাণিজ্য, পরিবহন ও জ্বালানি।
ইসিওর বাণিজ্য চুক্তি সংশোধনের জন্য একটি কারিগরি আলোচনা কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানান তিনি। চুক্তিটি ইসিওটা নামে পরিচিত। এ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং অন্য সদস্যদেশগুলোকে এতে যুক্ত হতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
আরাঘচি বললেন, ‘আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত একটি বাণিজ্য চুক্তি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে পারে।’
ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে একটি নির্ভরযোগ্য আঞ্চলিক জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার ওপর প্রভাবের কথা উল্লেখ করেন।
ফিলিস্তিন প্রসঙ্গে গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা জানান আরাঘচি। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়ে সতর্ক করেন তিনি।
গাজায় খাদ্য, ওষুধ, অস্থায়ী আশ্রয় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয় সরঞ্জাম নির্বিঘ্নে পৌঁছানো নিশ্চিত করতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বললেন, ‘এখন বাস্তব পদক্ষেপ নেওয়ার, সম্মিলিত দায়িত্ব পালনের এবং নীরবতা ও উদাসীনতার অবসান ঘটানোর সময়।’
দুই দিনের ইসিও মন্ত্রী পর্যায়ের বৈঠক রবিবার ইসলামাবাদে শুরু হয়েছে। এর আগে সদস্যদেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
২০২৬-২৭ মেয়াদে সংস্থাটির সভাপতির দায়িত্বে রয়েছে পাকিস্তান। ‘সহনশীল ইসিও গড়তে আঞ্চলিকতাবাদের পুনরুজ্জীবন’ প্রতিপাদ্য সামনে রেখে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সংহতি জোরদার করতে চায় দেশটি।
১৯৮৫ সালে তুরস্ক, ইরান ও পাকিস্তানের উদ্যোগে ইসিও প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির লক্ষ্য আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ।
এর অন্য সদস্যদেশগুলো হলো আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।



