সৌদি-হুতি পাল্টাপাল্টি ড্রোন হামলা, ভূপাতিত-ধ্বংসের দাবি দুপক্ষেরই

ছবি: রয়টার্স
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতি বাহিনীর পাল্টাপাল্টি হামলার মধ্যে সৌদি আরবের একটি সশস্ত্র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদির পূর্বাঞ্চলের দিকে পাঠানো একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে তারা। পাল্টাপাল্টি হামলার এ পরিস্থিতিতে ইয়েমেনের তাইজেও বিমান হামলার খবর পাওয়া গেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, দেশটির মারিব প্রদেশের আকাশে সৌদি আরবের একটি উইং লুং–২ সশস্ত্র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে তারা। ড্রোনটি প্রদেশটির আকাশসীমায় ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ চালাচ্ছিল।
তিনি বলেন, হুতি বাহিনী ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এদিকে, ইয়েমেনের সামরিক কমান্ডের এক কর্মকর্তা আলজাজিরাকে বলেন, তাইজ শহরের দক্ষিণে আল-মিসরাখ জেলার ধি আল-বারিহ ও জাবা এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে দুটি বিমান হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে পাঠানো একটি ড্রোন জোটের বাহিনী প্রতিহত করে ধ্বংস করেছে।
ড্রোনটি কোথা থেকে পাঠানো হয়েছিল এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে বৃহস্পতিবার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এডেনের আল-মাআশিক প্রাসাদ লক্ষ্য করে এই হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।
সূত্র : আলজাজিরা




