সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন নেতানিয়াহু বিরোধী আইজেনকট

ইয়াশা পার্টির শীর্ষ নেতা গাদি আইজেনকট। ফাইল ছবি / রয়টার্স
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টায় প্রথম জোটসঙ্গী পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। ডানপন্থী বিরোধী দল আওয়ার হোম পার্টির সঙ্গে জোট গড়তে চুক্তি করেছে তার দল ইয়াশার। গত অক্টোবরের নির্বাচনের পর এটিই প্রথম কোনো জোট চুক্তি।
মঙ্গলবার এক বিবৃতিতে ইয়াশার পার্টি জানিয়েছে, দলটির নেতা আইজেনকটের সঙ্গে আওয়ার হোম পার্টির নেতা আভিগদর লিবারম্যানের বৈঠকের পর এই চুক্তির সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা শপথ নেন।
এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিনের সময় দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। চাইলে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। আইজেনকট ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন। তিনিও ব্যর্থ হলে আগামী বছর আবার নির্বাচন হবে।
আরব দলগুলো
আইজেনকটের ইয়াশার পার্টি পার্লামেন্টে ২১টি আসন পেয়েছে। অন্যদিকে লিবারম্যানের আওয়ার হোম পার্টির আসন সাতটি। তবে তাদের মধ্যে জোট চুক্তি অপ্রত্যাশিত বলে মনে করা হচ্ছে। কারণ, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছেন লিবারম্যান। নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও বিরোধী তিনি।
এর আগে নেতানিয়াহুর একটি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লিবারম্যান। তবে পরে তিনি নেতানিয়াহুর কড়া সমালোচকে পরিণত হন।
অন্যদিকে আইজেনকটের মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টি এবং লিবারম্যানসহ সম্ভাব্য জোটসঙ্গীদের আসন মোট ৪৮টি। তবে ইসরায়েলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সুযোগ রয়েছে তাদের। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার বিষয়ে এসব দলের সঙ্গে আইজেনকটের অবস্থানের মিল রয়েছে।
সরকার গঠনের আলোচনা
এদিকে, আইজেনকট, তার ‘পরিবর্তনপন্থী জোটের’ কয়েকটি দল এবং লিকুদ পার্টির মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা চলছে।
তবে আইজেনকটের সঙ্গে নেতানিয়াহুর লিকুদ পার্টির ঐক্য সরকার গঠনের আলোচনা শুরুর পর তার সঙ্গে আলোচনা স্থগিত করেছে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি। দলটি নির্বাচনে আটটি আসন পেয়েছে।
ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে।
সূত্র : আলজাজিরা





