গাজায় বাবা-ছেলেসহ ইসরায়েলি হামলায় নিহত ৮

ইসরায়েলি হামলায় এক নিহতের স্বজনদের আহাজারি। ছবি / রয়টার্স
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক বাবা ও তার ১৩ বছর বয়সী ছেলে রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার গাজা নগরীর দারাজ এলাকায় ঘুবাইন পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হন। একই শহরের জেইতুন এলাকায় একটি তাঁবুতে পৃথক বিমান হামলায় নিহত হন এক বাবা ও তার ছেলে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পরে একই দিন গাজা নগরীর সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা।
গত বছর যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে সপ্তাহান্তে মৌসুমের প্রথম বড় ঝড়ে গাজার প্রায় ৭০ হাজার তাঁবু ১২ ঘণ্টার মধ্যে পানিতে তলিয়ে যায়।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার।
যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইসরায়েল ৬০ হাজার ভ্রাম্যমাণ ঘর ও ২ লাখ তাঁবু প্রবেশে বাধা দিচ্ছে।
এদিকে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচনায় কোনো সমঝোতা হয়নি।
বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : আলজাজিরা




