কাতারে হজের নিবন্ধন শুরু, সুযোগ পাবেন বাংলাদেশি প্রবাসীরাও

সংগৃহীত ছবি
কাতারে বসবাসরত ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র হজযাত্রা আরও সহজ করতে সাশ্রয়ী ও বিলাসবহুল, উভয় ধরনের প্যাকেজ ঘোষণা করেছে দেশটির হজ এজেন্সিগুলো।
হজ অপারেটরদের দেওয়া তথ্যমতে, সুযোগ-সুবিধার ধরন অনুযায়ী এসব প্যাকেজের খরচ পড়বে ২২ হাজার থেকে ১ লাখ কাতারি রিয়াল পর্যন্ত। এ ছাড়া এককালীন অর্থ পরিশোধের চাপ কমাতে হজযাত্রীদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও চালু করা হয়েছে।
কাতারের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিসহ সব প্রবাসী হজযাত্রীও এসব সুবিধা পাবেন।
২০২৭ সালের (১৪৪৮ হিজরি) হজযাত্রীদের নিবন্ধনপ্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন কাতারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও হজ ট্যুর অপারেটররা। তারা হজের খরচ নির্ধারণের মূল বিষয়গুলো স্পষ্ট করেছেন।
পাশাপাশি অর্থ পরিশোধের পদ্ধতি ও আবাসনের বিভিন্ন বিকল্প নিয়েও আলোচনা করেছেন। এ ছাড়া নিবন্ধন এবং প্রয়োজনে অর্থ ফেরতের (রিফান্ড) নিয়মাবলিও ব্যাখ্যা করেছেন তাঁরা।
বুধবার (২৫ নভেম্বর) রাতে কাতারের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘হিওয়ার আল ওয়াতান’-এর এক পর্বে হজ প্যাকেজের মূল্যের তারতম্য এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের হজ ও উমরাহ বিভাগের সমন্বয় ও ফলো-আপ শাখার প্রধান ইব্রাহিম মোহাম্মদ আল নামা। তার সঙ্গে কাতারের তিনটি প্রধান হজ ট্যুর অপারেটরের মালিকেরাও অংশ নেন।
তারা হলেন- আল তাওবা হজ ক্যাম্পেইনের মালিক জসিম আল হারদান, আল হাম্মাদি হজ ক্যাম্পেইনের মালিক মোহাম্মদ আল হাম্মাদি এবং তাইবা হজ ক্যাম্পেইনের মালিক আহমেদ আল মোল্লা।
হজ প্যাকেজ ও খরচের বিবরণ
আলোচনায় হজ ট্যুর অপারেটররা প্যাকেজের খরচের বিষয়টি স্পষ্ট করেন। তারা জানান, কাতারে হজ প্যাকেজের মূল্য সাধারণত ২২ হাজার থেকে ১ লাখ রিয়াল পর্যন্ত হয়ে থাকে।
মূলত আবাসনের স্থান ও মান, কক্ষের ধারণক্ষমতা, অন্যান্য সুযোগ-সুবিধা ও পরিষেবা, সাশ্রয়ী প্যাকেজ এবং কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধার ওপর ভিত্তি করে এই মূল্যের পার্থক্য তৈরি হয়।
হজযাত্রীদের সুবিধার্থে গত মৌসুমে ২২ হাজার রিয়াল থেকে শুরু হওয়া বিশেষ ‘ইকোনমিক প্যাকেজ’ চালু করা হয়েছে। এর ফলে সাধারণ হজযাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যে হজ পালনের সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া হজযাত্রার আগে কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ রয়েছে বলেও জানান অপারেটররা। তবে এ ক্ষেত্রে হজযাত্রীদের সংশ্লিষ্ট হজ ক্যাম্পেইন বা ট্যুর অপারেটরের সঙ্গে আগে থেকেই সমঝোতা করে নিতে হবে।
কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা
হজযাত্রীরা চাইলে কিস্তিতে প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ ২৫ হাজার রিয়ালের প্যাকেজ নিলে পাঁচ মাসে কিস্তিতে সেই মূল্য পরিশোধ করতে পারবেন। সে ক্ষেত্রে প্রতি মাসে ৫ হাজার রিয়াল করে পরিশোধের সুযোগ রয়েছে।
যেভাবে হজের মূল্য নির্ধারিত হয়
হজের প্যাকেজের মূল্য কীভাবে নির্ধারিত হয়, তা ব্যাখ্যা করেছেন আল নামা। তিনি জানান, মন্ত্রণালয় প্রতিবছর ট্যুর অপারেটরদের কাছ থেকে আবাসনের মূল্যতালিকা চায়। এতে একক, দ্বৈত, তিন ও চারজনের কক্ষের ভাড়ার আলাদা হিসাব থাকে। চূড়ান্ত অনুমোদনের আগে প্রস্তাবিত এসব মূল্য যাচাই করা হয়। এ ক্ষেত্রে আগের মৌসুমের খরচের সঙ্গে নতুন দামের তুলনা করে দেখা হয়।
প্যাকেজ খরচে হোটেলভাড়ার প্রভাব
হজ পরিচালনাকারীদের জন্য হোটেলে আবাসন অন্যতম বড় খরচ। বিশেষ করে মক্কার গ্র্যান্ড মসজিদের কাছের হোটেলগুলোর ভাড়া অনেক বেশি। পরিচালনাকারীরা জানান, হজের মৌসুমে গ্র্যান্ড মসজিদের কেন্দ্রীয় এলাকায় একটি কক্ষের ভাড়া ৭০ হাজার থেকে ১ লাখ রিয়াল পর্যন্ত হতে পারে। তবে মসজিদ থেকে কিছুটা দূরে থাকলে খরচ অনেকটাই কমে আসে।
সাশ্রয়ী বিকল্প হিসেবে শেয়ারিং রুম
হোটেলের একটি কক্ষে কতজন থাকছেন, তার ওপর প্রত্যেক হজযাত্রীর খরচ নির্ভর করে। একক কক্ষের তুলনায় কয়েকজন মিলে একটি কক্ষ ভাগাভাগি করে থাকলে খরচ অনেক কম হয়। এটি হজযাত্রীদের মোট খরচ কমাতে সরাসরি সহায়তা করে।
বিদেশি হজযাত্রীদের প্যাকেজ ও নিবন্ধন নিয়ে নতুন তথ্য
সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীরা মাত্র পাঁচ দিনে হজ সম্পন্ন করতে পারেন। তবে বিদেশ থেকে আসা হজযাত্রীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তাদের সেবাদানকারী সংস্থাগুলোকে জিলহজ মাসের ৪ থেকে ১৪ তারিখ পর্যন্ত দীর্ঘমেয়াদি সেবা নিশ্চিত করতে হয়। এর মধ্যে রয়েছে হোটেলে আবাসন, আন্তর্জাতিক ফ্লাইট, যাতায়াত, খাবার এবং পবিত্র স্থানগুলোতে থাকার ব্যবস্থা।
সংশ্লিষ্ট পরিচালকেরা জানান, কেউ সংক্ষিপ্ত সময়ের হজ প্যাকেজ বেছে নিলেও খরচ কমবে না। কারণ, হোটেল বুকিং ও অন্যান্য আনুষঙ্গিক চুক্তি পুরো সময়ের জন্যই নির্ধারিত থাকে।
নিবন্ধনে ১০ হাজার রিয়াল অগ্রিম পরিশোধ
ইব্রাহিম মোহাম্মদ আল নামা আরও জানিয়েছেন, অনুমোদিত আবেদনকারীদের নিবন্ধনের আগে জনপ্রতি ১০ হাজার রিয়াল অগ্রিম পরিশোধ করতে হবে। অনলাইনের মাধ্যমে এই অর্থ জমা দিয়ে পছন্দের হজ ক্যাম্পেইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট সংস্থা আরও স্পষ্ট করেছে, এই ১০ হাজার রিয়াল কোনো অতিরিক্ত চার্জ নয়। এটি হজের মোট প্যাকেজ মূল্যেরই একটি অংশ। পবিত্র স্থানগুলোতে সেবার আগাম খরচ মেটাতে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই টাকা সৌদি হজ ইলেকট্রনিক সিস্টেমে স্থানান্তর করা হয়।
তবে অনুমোদিত আবেদনকারীরা তাদের পছন্দের হজ ক্যাম্পেইন নির্বাচন ও নিবন্ধনের জন্য মোট এক সপ্তাহ সময় পাবেন।
কাতারের হজ কোটা ও নির্বাচনপ্রক্রিয়া
আসন্ন হজ মৌসুমে কাতারের মোট হজ কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪০০ জন। এই কোটার মধ্যে প্রশাসনিক কর্মী ও সরকারি হজ মিশনের সদস্যরাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানিয়েছেন আল নামা।
মোট বরাদ্দের মধ্যে ৪ হাজার আসন কাতারের নাগরিকদের জন্য এবং বাকি ৪০০ আসন প্রবাসী বাসিন্দাদের জন্য রাখা হয়েছে। হজযাত্রী নির্বাচনের ক্ষেত্রে যারা আগে কখনো হজ করেননি, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি বয়স্ক আবেদনকারী এবং পারিবারিক পরিস্থিতির বিষয়টিও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
আগাম নিবন্ধনের কারণ হিসেবে তিনি সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচির কথা উল্লেখ করেন। সৌদি নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যেই হজের সব অনুমতিপত্র ইস্যু করতে হবে।
বাতিলকরণ ও অর্থ ফেরতের শর্তাবলি
হজযাত্রা বাতিলের নিয়ম সম্পর্কে আল নামা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, আবেদনকারীর তথ্য সৌদি হজ সিস্টেমে যুক্ত হওয়ার আগে নিবন্ধন বাতিল করলে অগ্রিম জমা দেওয়া ১০ হাজার রিয়ালের পুরোটাই ফেরত পাওয়া যাবে। তবে তথ্য একবার সৌদি সিস্টেমে নিবন্ধিত হয়ে গেলে অর্থ ফেরত নেওয়ার সময় সার্ভিস চার্জ হিসেবে ৩০০ রিয়াল কেটে রাখা হবে।
অন্যদিকে সৌদি নিবন্ধনপ্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর অর্থ ফেরত পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে কোনো বিকল্প হজযাত্রী না পাওয়া গেলে এবং আবাসন, বিমানভাড়া ও অন্যান্য পরিষেবার অর্থ আগেই পরিশোধ করা থাকলে এই জটিলতা আরও বাড়ে।
এমন পরিস্থিতি এড়াতে আল নামা জানিয়েছেন, মন্ত্রণালয় আগামী মৌসুমগুলোতে হজযাত্রীদের জন্য একটি সংরক্ষিত (রিজার্ভ) তালিকা চালুর বিষয়টি ভাবছে। এর ফলে কোনো অনুমোদিত আবেদনকারী নাম প্রত্যাহার করে নিলে তাঁর পরিবর্তে সহজেই নতুন একজনকে সুযোগ দেওয়া যাবে। প্রস্তাবিত এই ব্যবস্থা চালু হলে হজযাত্রী ও ট্যুর অপারেটর উভয়ের জন্যই অর্থ ফেরত পাওয়া সহজ হবে এবং আর্থিক ক্ষতির ঝুঁকি কমবে।
পবিত্র স্থানগুলোতে সবার জন্য সমান সেবা
প্যাকেজের মূল্যে ভিন্নতা থাকলেও কাতারের সব হজ ক্যাম্পেইনে পবিত্র স্থানগুলোতে সেবার মান একই রাখা হয়েছে বলে জানিয়েছেন আল নামা। হজযাত্রীরা যে প্যাকেজ বা এজেন্সিই বেছে নিন না কেন, মিনা, আরাফাত ও মুজদালিফার নির্ধারিত স্থানগুলোতে সবাই সমান সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
এসব আবাসনসুবিধার মধ্যে রয়েছে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, আরামদায়ক বিছানা ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। এর পাশাপাশি ট্যুর অপারেটরদের পক্ষ থেকে নিয়োজিত আলেম বা ইসলামিক বিশেষজ্ঞরা পুরো সফরে হজযাত্রীদের প্রয়োজনীয় ধর্মীয় নির্দেশনা দিয়ে থাকেন।
এ ছাড়া হজযাত্রীদের ওপর বাড়তি খরচের চাপ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। পবিত্র স্থানগুলোতে পরিষেবার খরচ সামান্য বাড়লেও তা তারা নিজেরাই বহন করবে বলে জানিয়েছেন আল নামা।
তদারকি ও অভিযোগ নিষ্পত্তি
চুক্তি অনুযায়ী হজযাত্রীরা সব সেবা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে মন্ত্রণালয় দোহার হজ প্রচার কার্যালয়গুলো পরিদর্শন করবে। হজ চলাকালে মাঠপর্যায়ের দলগুলোও সেবার মান তদারকি করবে।
পাশাপাশি মক্কার আবাসনগুলোতে আকস্মিক পরিদর্শন এবং অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
২৪ ঘণ্টার কল সেন্টার
হজযাত্রীদের সহায়তা, চিকিৎসাসেবাসহ যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে দিনরাত একটি বিশেষ কল সেন্টার চালু থাকে। হজযাত্রীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নির্ধারিত যোগাযোগমাধ্যমে তাঁদের যেকোনো অভিযোগ বা জিজ্ঞাসা জমা দিতে পারবেন।




