মালয়েশিয়া ও পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দেওয়ায় মালয়েশিয়া ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৃহস্পতিবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি ইরানের কূটনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন ‘
পেজেশকিয়ান বলেছেন, ‘মালয়েশিয়ার মানবিক অবস্থান এবং একটি সমঝোতায় পৌঁছাতে পাকিস্তানের উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
‘ইরান সবসময় কূটনীতির মাধ্যমে সংকটের সমাধান চায় এবং মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণকে গুরুত্ব দেয়।’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে মালয়েশিয়াও সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরান উভয়ই জানিয়েছে যে তারা আলোচনা চালিয়ে যেতে আগ্রহী এবং কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে।






