শন টেইটের চোখ ভারতে

স্ত্রীর সঙ্গে শন টেইট
মাসিক প্রায় ১৪ হাজার ডলার পারিশ্রমিকে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্বে আছেন শন টেইট। এই অস্ট্রেলিয়ান নতুন চাকরি নিয়ে পাড়ি জমাতে চাইছেন ভারতে। বাংলাদেশের পেসারদের উন্নতিতে ভালো ভূমিকা রাখা এই পেস বোলিং কোচকে ধরে রাখতে পারবে বিসিবি?
টেইট ইতিমধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কোচ নিয়োগ কমিটির কাছে সাক্ষাৎকারও দিয়েছেন। ভারতের ডেইলি টেলিগ্রাফ এমনটাই বলছে। খুব শীঘ্রই এই সাক্ষাৎকারের ফলও জেনে যাবেন টেইট। ফল ইতিবাচক হলেই হয়তো তিনি বিসিবিকে জানাবেন তার সিদ্ধান্ত।
স্বাভাবিকভাবে এর আগ পর্যন্ত অবশ্য বিসিবি কিছুই জানে না। ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীসও টেইটের সিএবিতে সাক্ষাৎকারের ব্যাপারে অবগত নন বলে জানিয়েছেন।
টেইটের ভারতে কোচ হওয়ার আগ্রহ অবশ্য পারিবারিক কারণে। টেইটের স্ত্রী মাসুম সিংহা ভারতের নাগরিক। ২০১৪ সালে আইপিএল খেলতে গিয়ে এই মডেলের সঙ্গে পরিচয় এবং বিয়ে। এখন স্ত্রীর জন্যই তিনি চাকরি নিয়ে থাকতে চান ভারতে।






