প্রেমের সম্পর্ক থাকায় নিজের দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করলেন বাবা-মা

হেলিয়া ফাত্তাহি। ছবি / সংগৃহীত
ইরানে এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার অভিযোগে তার বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির পশ্চিমাঞ্চলীয় সানানদাজ শহরে এ ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার কথা স্বীকার করেছেন।
নিহত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি। পুলিশের তথ্য অনুযায়ী, তার বয়স ১৯ বছর। তবে মানবাধিকার সংগঠন হানা জানিয়েছে, তার বয়স ছিল ১৬ বছর। কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাওয়ের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত শনিবার রাতে পরিবারের বাড়িতে তাকে হত্যা করা হয়।
হেনগাওয়ের তথ্য অনুযায়ী, এক যুবকের সঙ্গে সম্পর্কের কারণে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন হেলিয়া। মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে তিনি পরিবারকে বিষয়টি জানান।
শনিবার তার বাবা-মা আদালতে গিয়ে অভিযোগ করেন। বাড়ি ফিরে তারা মেয়েকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনির ওষুধ খাওয়ান এবং মারধর করেন। এরপর বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করেছে সংগঠনটি।
জরুরি চিকিৎসাকর্মীরা বাড়িতে পৌঁছালে বাবা-মা হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে হেনগাও। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে পুলিশ হত্যার কারণ হিসেবে ‘পারিবারিক বিরোধের’ কথা জানিয়েছে। মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বা হত্যার পদ্ধতি নিয়ে পুলিশের বক্তব্যে কিছু বলা হয়নি।
হেনগাও ও হানা ঘটনাটিকে তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে।
ইরানের দণ্ডবিধির ৩০১ ধারায় সন্তানকে হত্যার দায়ে বাবা বা পিতামহকে প্রতিশোধমূলক মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আইনি বিধানের কারণে এ ধরনের হত্যাকাণ্ডে অপরাধীদের তুলনামূলক কম শাস্তি হওয়ার সুযোগ রয়েছে বলে মানবাধিকারকর্মীরা অভিযোগ করে আসছেন।
সূত্র : ইরান ইন্টারন্যাশনাল




