সৌদির তেল শোধনাগারে হুতিদের হামলায় নেপালি শ্রমিক নিহত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা করেছে হুতি বিদ্রোহীরা। ছবি : রয়টার্স
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলের একটি তেল শোধনাগারে নেপালের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
গতকাল বৃহস্পতিবার শোধনাগারটিতে ছোড়া একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানলে আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় স্থাপনাটির কিছু কার্যক্রম।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। তবে হামলায় নিহত নেপালি শ্রমিকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এর এক দিন আগে গত বুধবার দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করে হুতিরা। স্যাটেলাইট চিত্রে উপকূলীয় ওই এলাকায় বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
হুতিদের দাবি, তাদের হামলায় রাস তানুরায় আগুন ধরে যায়।
গতকাল বৃহস্পতিবার শিপিং সংশ্লিষ্ট সূত্র সিএনএনকে জানিয়েছে, হামলার পর টার্মিনালটিতে তেল লোডিং কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে তা আবার শুরু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাস তানুরার আকাশে চারটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে গেলেও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, বুধবার রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে হামলার দায়ও স্বীকার করেছে হুতিরা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন।
সিএনএনকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আক্রান্ত আকাশচুম্বী ভবনটিতে সৌদি আরবের এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর অবস্থিত।
অন্যদিকে, ইয়েমেনের হুতিনিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
গতকাল বৃহস্পতিবার জোটটি জানিয়েছে, হুতিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এতে সানা, হোদেইদা ও সা’দা প্রদেশে ৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
এর আগের দিন হুতিনিয়ন্ত্রিত হোদেইদা বন্দর লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় জোটটি। একই সঙ্গে সা’দা ও আমরান প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
সূত্র : সিএনএন





