মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরে যেতে বলল ইরান

তেহরানে একটি ভবনের গায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি-সংবলিত বিলবোর্ডের পাশ দিয়ে গাড়ি চলছে। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে তাদের ‘ক্ষতিকর ও অপরাধমূলক উপস্থিতি’ সরিয়ে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তাদের বাহিনী ‘সিদ্ধান্তমূলক ও ধ্বংসাত্মক’ পাল্টা জবাবের জন্য প্রস্তুত রয়েছে।
এর এক দিন আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছেন, ইরানের ওপর নতুন করে হামলা হলে দেশটির প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে বড় পরিবর্তন আসবে। যুদ্ধের পরিধি বদলের পাশাপাশি নতুন অস্ত্র ও নতুন সক্ষমতা যুদ্ধক্ষেত্রে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেছেন, ইরানের এমন কিছু নতুন লক্ষ্য রয়েছে, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র সত্য গোপন করার চেষ্টা করছে।
তিনি ওয়াশিংটন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার আদর্শিক বিভাজনের কথা উল্লেখ করে বলেছেন, ‘যে দেশ একসময় আয়রন কার্টেন ভেঙে ফেলার জন্য গর্ব করত, এখন সেই দেশই নিজের একটি আয়রন কার্টেনের পেছনে দাঁড়িয়ে আছে।’
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা বলেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন এজেন্ডা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারের প্রচেষ্টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নিউইয়র্কে পৌঁছানোর পরপরই গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন আরাগচি।
অন্যদিকে নিউইয়র্কে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরাক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা, ইরাকের ভূখণ্ড থেকে হামলা ঠেকানো এবং দেশটির পূর্ণ সার্বভৌমত্ব নিশ্চিত করার গুরুত্ব নিয়ে রুবিও ও জায়েদি একমত হয়েছেন।
এর আগে সোমবার জায়েদি বলেছেন, সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার সময়সীমা ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
সূত্র : আলজাজিরা




