দুবাইয়ে চালু নতুন ব্যবস্থা
মানুষের পর এবার বাড়িরও ডিজিটাল পাসপোর্ট

দুবাই ফিউচার উইকে ‘বিল্ডিং ম্যাটেরিয়াল পাসপোর্ট’-এর বিস্তারিত তুলে ধরছেন সালামা আল সুওয়াইদি। ছবি : সংগৃহীত
মানুষের পাসপোর্ট আছে, এবার বাড়িরও হলো ডিজিটাল পাসপোর্ট। বাড়ির নকশা, নির্মাণসামগ্রী, সনদ, নিশ্চয়তাপত্র থেকে শুরু করে মেরামত ও রক্ষণাবেক্ষণের সব তথ্য থাকবে একটি ডিজিটাল পরিচয়ে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চালু হয়েছে ‘স্মার্ট হাউজিং পাসপোর্ট’ নামের এই ব্যবস্থা।
দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ হাউজিং এস্টাবলিশমেন্ট তাদের উদ্ভাবন মাসের উদ্যোগের অংশ হিসেবে এটি চালু করেছে। সংস্থাটির দাবি, বিশ্বে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। এর মাধ্যমে বাড়ির পুরো জীবনচক্র, নকশা এবং নির্মাণ থেকে শুরু করে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত সম্পর্কিত তথ্য এক জায়গায় পাওয়া যাবে।
প্রতিটি বাড়ির জন্য তৈরি করা হবে আলাদা ডিজিটাল পরিচয়। এতে বাড়ির প্রকৌশল নকশা, বিভিন্ন সনদ, নিশ্চয়তাপত্র, নির্মাণে ব্যবহৃত উপকরণের বিবরণ এবং বাড়িটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ইতিহাস সংরক্ষিত থাকবে। ফলে প্রয়োজনের সময় গ্রাহকেরা সহজেই এসব তথ্য ও নথি দেখতে পারবেন। কোনো তথ্যের জন্য বারবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজনও কমবে।
প্রতিষ্ঠানটির আবাসন বিভাগের সহকারী নির্বাহী পরিচালক নুরা আল রুমাইথি বলেছেন, ‘স্মার্ট হাউজিং পাসপোর্ট’ বাড়ির মালিকদের জন্য ডিজিটাল সেবা উন্নয়নের একটি নতুন পদক্ষেপ। বাড়ির সব তথ্য ও নথি একটি ডিজিটাল পরিচয়ের আওতায় আনার ফলে গ্রাহকেরা নির্ভরযোগ্য তথ্যভান্ডার পাবেন। বাড়ির রক্ষণাবেক্ষণ কিংবা ভবিষ্যতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হবে।
তিনি আরও বলেছেন, দুবাই সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা উন্নত করার উদ্যোগের সঙ্গে মিল রেখে প্রতিটি বাড়ির তথ্য একটি নির্দিষ্ট ক্লাউডভিত্তিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে। এতে তথ্য নিয়মিত হালনাগাদ হবে এবং বাড়ির পুরো ব্যবহারকালেই তা সহজে পাওয়া যাবে।
ইতিমধ্যে আল আওইর ও ওয়াদি আল আমারদি আবাসন প্রকল্পে বাড়ি বরাদ্দ ও হস্তান্তরের সময় গ্রাহকদের এই পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ বাড়ির চাবি বুঝে পাওয়ার দিন থেকেই মালিকেরা নিজেদের বাড়ির ডিজিটাল নথি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
এতে বাড়ির মালিকেরা আগে থেকেই রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করতে পারবেন। বাড়ির স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি পরিচালনা ও মেরামতের খরচও কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয় এই উদ্যোগের মেধাস্বত্বও অনুমোদন করেছে।
সূত্র : গালফ নিউজ




