সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ১৪

সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল।
মঙ্গলবার ভোরে আমিরাতের দক্ষিণাঞ্চলের আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাস আল খাইমা পুলিশের তথ্য অনুযায়ী, ৪১ জন যাত্রী নিয়ে চলা একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রম শুরু করেন। আহত ও নিহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহত ১৪ জনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করলেও ঠিক কতজন ভারতীয় প্রাণ হারিয়েছেন, তা জানায়নি ভারতের কনস্যুলেট জেনারেল। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও অন্যদের জাতীয়তা সম্পর্কেও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দুর্ঘটনা নিয়ে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার না করে সরকারি সূত্রের তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।



