উপসাগরীয় ছয় দেশের ২,১১৭ কিলোমিটার রেল নেটওয়ার্ক
- নিজ নিজ অংশের অর্থ দেবে উপসাগরীয় দেশগুলো
- ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ চালুর লক্ষ্য
- বছরে ৬০ লাখ যাত্রী ও ২০ কোটি টন পণ্য পরিবহনের পরিকল্পনা
- সৌদি আরবের সঙ্গে রেলপথে যুক্ত হবে বাহরাইন

বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী ড. শেখ আবদুল্লাহ বিন আহমদ আল খলিফা
উপসাগরীয় অঞ্চলে যোগাযোগ ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনে ছয় দেশের সমন্বয়ে গড়ে উঠছে বহুল প্রতীক্ষিত গালফ রেলওয়ে প্রকল্প। প্রায় ২ হাজার ১১৭ কিলোমিটার দীর্ঘ এই রেল নেটওয়ার্কের নির্মাণ ও বাস্তবায়নে প্রতিটি দেশ নিজ নিজ ভূখণ্ডের অংশের অর্থায়ন ও কাজের দায়িত্ব নেবে। তবে দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় যৌথ অবকাঠামোর ব্যয়, ফি ও অন্যান্য খরচ সম্মিলিতভাবে নির্ধারণ করা হবে।
বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী ড. শেখ আবদুল্লাহ বিন আহমদ আল খলিফা সৌদি সংবাদমাধ্যম আশারক আল-আওসাতকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন, গালফ রেলওয়ে প্রকল্পের সাধারণ চুক্তি সদস্য দেশগুলোর মধ্যে বাস্তবায়ন ও পরিচালনার একটি যৌথ কাঠামো তৈরি করবে। একই সঙ্গে প্রতিটি দেশের দায়িত্ব, পারস্পরিক সমন্বয় এবং প্রকল্প পরিচালনার নিয়মকানুন নির্ধারণ করবে এই চুক্তি।
গত রোববার (৮ নভেম্বর) বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর পরিবহনমন্ত্রীদের বৈঠকের পাশে প্রকল্পটির সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘদিনের পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ছয় দেশকে যুক্ত করবে এক রেল নেটওয়ার্ক
পরিকল্পনা অনুযায়ী, কুয়েত থেকে শুরু হয়ে সৌদি আরব, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত হয়ে ওমানে পৌঁছাবে এই রেল নেটওয়ার্ক। এর মাধ্যমে জিসিসির ছয়টি দেশ একটি সমন্বিত রেল যোগাযোগব্যবস্থার আওতায় আসবে।
প্রকল্পটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বছরে প্রায় ৬০ লাখ যাত্রী এবং ২০ কোটি টন পণ্য পরিবহন করা। ২০৪৫ সালের মধ্যে যাত্রী পরিবহনের পরিমাণ ৮০ লাখের বেশি এবং পণ্য পরিবহনের পরিমাণ ২৭ কোটি ১০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
পুরো নেটওয়ার্কের কার্যক্রম ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কোনো দুটি প্রতিবেশী দেশের মধ্যে সংযোগ স্থাপনের কাজ আগে সম্পন্ন হলে পুরো প্রকল্প শেষ হওয়ার অপেক্ষা না করেই সংশ্লিষ্ট রেলপথ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাহরাইনের পরিবহনমন্ত্রী।
অর্থায়নে থাকবে জাতীয় দায়িত্ব
প্রকল্পটির অর্থায়ন কাঠামো সম্পর্কে মন্ত্রী জানান, প্রতিটি দেশ নিজ নিজ ভূখণ্ডে অবস্থিত রেলপথ নির্মাণ, বাস্তবায়ন ও অর্থায়নের দায়িত্ব পালন করবে। অন্যদিকে একাধিক দেশের মধ্যে সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ব্যয় ও সংশ্লিষ্ট খরচ সম্মিলিত আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
বেসরকারি খাতের অংশগ্রহণের সুযোগও রাখা হচ্ছে। প্রকল্পের কোনো কোনো অংশের অর্থায়ন, নির্মাণ কিংবা পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত হতে পারে। তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট অংশের অর্থনৈতিক ও আর্থিক সম্ভাব্যতা যাচাইয়ের ওপর।
এখন পর্যন্ত প্রকল্পের অর্থায়ন বা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে আগাম চুক্তি হয়নি বলে জানান মন্ত্রী। তবে প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নকশা, প্রকৌশল, প্রযুক্তি ও পরিচালনাবিষয়ক দক্ষতা কাজে লাগানো হতে পারে।
নির্মাণ অগ্রগতি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা
প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ঘোষিত ৫০ শতাংশের হিসাব নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বাহরাইনের পরিবহনমন্ত্রী। তিনি বলেন, এই হার সদস্য দেশগুলোর মধ্যে অর্জিত অগ্রগতির গড় হিসাব। এর অর্থ এই নয় যে পুরো ২ হাজার ১১৭ কিলোমিটার রেল নেটওয়ার্কের অর্ধেক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।এদিকে প্রকল্পের মোট ব্যয়ের হিসাবও পর্যালোচনা ও হালনাগাদ করা হচ্ছে। নির্মাণসামগ্রী, সেবা, অবকাঠামো নির্মাণের ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে আগের ব্যয়ের হিসাব নতুন করে যাচাই করা প্রয়োজন হচ্ছে। তবে এখন পর্যন্ত প্রকল্পের সংশোধিত মোট ব্যয়ের কোনো নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।গালফ রেলওয়ে প্রকল্পের সুফল শুধু যাত্রী ও পণ্য পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর সরবরাহব্যবস্থা আরও কার্যকর হবে, আন্তদেশীয় বাণিজ্য বাড়বে এবং শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও লজিস্টিকস কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ সহজ হবে।একই সঙ্গে পণ্য পরিবহনে বিকল্প ব্যবস্থা তৈরি হওয়ায় ব্যবসায়িক কার্যক্রমের গতি বাড়তে পারে। শিল্প ও বাণিজ্যিক বিনিয়োগ, কর্মসংস্থান এবং পর্যটন খাতেও নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে প্রকল্পটি বাস্তবায়নের ফলে জিডিপিতে ঠিক কতটা অবদান যুক্ত হবে কিংবা সময় ও পরিবহন ব্যয়ে কতটা সাশ্রয় হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন মন্ত্রী। কারণ এসব সুবিধা নির্ভর করবে পণ্যের ধরন, পরিবহন রুট এবং পণ্য পরিবহনের উৎস ও গন্তব্যের ওপর।উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক পরিবহনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের প্রেক্ষাপটে রেল যোগাযোগের গুরুত্ব তুলে ধরেছেন বাহরাইনের পরিবহনমন্ত্রী। তবে তিনি স্পষ্ট করেছেন, গালফ রেল নেটওয়ার্ক সমুদ্রপথের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে না। বরং সড়ক, সমুদ্র, রেল ও আকাশপথের মধ্যে সমন্বয় বাড়িয়ে পরিবহনের বিকল্প সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য।বন্দর, সড়ক, রেলপথ ও বিমানবন্দরকে সমন্বিতভাবে যুক্ত করা গেলে উপসাগরীয় অঞ্চলের পরিবহনব্যবস্থা আরও স্থিতিশীল ও কার্যকর হবে। ভবিষ্যতে বৃহত্তর আন্তর্জাতিক লজিস্টিকস করিডরের সঙ্গেও এই নেটওয়ার্ক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সে ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণা, সমঝোতা ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে।প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সৌদি আরব ও বাহরাইনের মধ্যে রেল যোগাযোগ স্থাপন। এ সংযোগ বাস্তবায়নে প্রস্তাবিত কিং হামাদ ব্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাহরাইনের পরিবহনমন্ত্রী জানান, প্রস্তাবিত কিং হামাদ ব্রিজে সড়কপথের পাশাপাশি রেললাইনও থাকবে। এর ফলে বাহরাইনের আন্তর্জাতিক যাত্রী স্টেশন সরাসরি সৌদি আরবের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।এ ছাড়া কিং ফাহদ কজওয়ে কর্তৃপক্ষের বেসরকারীকরণসংক্রান্ত প্রক্রিয়া এবং নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয় সমীক্ষা ও আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।মন্ত্রী বলেন, ২০৩০ সালের ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে সৌদি আরব ও বাহরাইনের রেল সংযোগ চালু করতে নতুন সেতু প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।গালফ রেলওয়ে প্রকল্পকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি চালু করা সম্ভব হলে ছয় দেশের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে নতুন যুগের সূচনা হতে পারে।



