হুতিদের বিরুদ্ধে ‘শহীদ’ হতে প্রস্তুত থাকার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

ইয়েমেনের সানায় সৌদিবিরোধী সমাবেশে হুথি সমর্থকরা স্লোগান দিচ্ছেন। ছবি: রয়টার্স
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মহান দেশকে রক্ষা করা এবং এর ভূখণ্ডের এক ইঞ্চির ওপরও হাত দেওয়ার চেষ্টা করে এমন যেকোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া সবচেয়ে বড় দায়িত্ব ও সর্বোত্তম ইবাদতের কাজগুলোর মধ্যে পড়ে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ কাজে জীবন ও আত্মা উৎসর্গ করা যেতে পারে।’
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা চলছে। ইরান-সমর্থিত গোষ্ঠীটি সৌদি আরবের ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে সৌদি আরবও বিমান হামলা চালিয়েছে।
দুই সপ্তাহ আগে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে হুতিরা। ২০১৫ সাল থেকে ইয়েমেনের সংঘাতে জড়িত সৌদি আরবের জন্য এটি একটি বড় ধাক্কা। ওই বছর ইয়েমেনের রাজধানী সানা থেকে হুতিদের উৎখাত করতে ব্যর্থ সামরিক অভিযান শুরু করেছিল সৌদি আরব।
গ্র্যান্ড মুফতির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মহান আল্লাহর কাছে আপনাদের জন্য সহায়তা চাই। আমাদের দেশ ও প্রিয় ইয়েমেনকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করছি। আমরা আরও প্রার্থনা করছি, তিনি যেন হুতি গোষ্ঠী এবং তাদের সহায়তা ও সমর্থনকারীদের সম্পূর্ণ পরাজয় ঘটান।’
সৌদি আরব হুতিদের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করতে ধর্মকেন্দ্রিক যে প্রচার চালাচ্ছে, গ্র্যান্ড মুফতির চিঠি সেই বয়ানকে আরও জোরালো করেছে। সৌদি আরব তার সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে কি না, সেই প্রশ্নও তুলেছেন পর্যবেক্ষকরা।
সূত্র: রয়টার্স



