Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ট্রাম্প-শি-পুতিন হঠাৎ বৈঠক কেন, যা কখনো ঘটেনি!

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৫৫
শেয়ার করুন:
ট্রাম্প-শি-পুতিন হঠাৎ বৈঠক কেন, যা কখনো ঘটেনি!

শেনঝেনে আসন্ন এপেক সম্মেলনে ট্রাম্প, পুতিন ও সি চিন পিংয়ের বৈঠক নিয়ে রুশ শিল্পী আলেক্সেই সের্গিয়েঙ্কোর আঁকা ‘শেনঝেন ২৬’ শিরোনামের চিত্রকর্ম। ছবি / রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—তিন নেতার সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা। চলতি সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক হবে বলে গতকাল শুক্রবার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।

সেখানে প্রথমবারের মতো বিশ্বের সর্বাধিক পারমাণবিক অস্ত্রধারী তিন দেশের রাষ্ট্রপ্রধান একসঙ্গে বসে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, তিন দেশের পারমাণবিক অস্ত্রের মজুদ নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ তৈরি করতে পারে এই বৈঠক।

হোয়াইট হাউসের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুদ কমানোর বিষয়ে আলোচনা করবেন। কারণ তার মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার বিশ্বনিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। বৈঠকটি আগামী বৃহস্পতিবার চীনে অনুষ্ঠিত হওয়ার কথা।

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সোমবার ট্রাম্প চার দিনের এশিয়া সফরে যাচ্ছেন, যেখানে ফিলিপাইনও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় কোনো চুক্তি হবে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন না।

এদিকে ট্রাম্প প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন বৈঠকে তিন নেতা নিজ নিজ দেশের পারমাণবিক অস্ত্রের মজুদ কমানোর বিষয়ে আলোচনা করবেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে পুতিনই প্রথম এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। তবে হোয়াইট হাউস বলছে, সেখানে ইউক্রেন ইস্যুতে নয়, বরং ইরানযুদ্ধ নিয়ে আলোচনা হবে।

এখনো বৈঠকের চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করা হয়নি। কিন্তু সম্ভাবনাটুকুই পশ্চিমা বিশ্বে উদ্বেগ তৈরি করেছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি সতর্ক করেছেন, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের পুনরাবৃত্তি যেন না ঘটে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সঙ্গে বৈঠকে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন পূর্ব ইউরোপে সোভিয়েত আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ পান।

যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস কুনসও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ট্রাম্প যদি শি ও পুতিনের সামনে দুর্বল অবস্থান নেন, তাহলে প্রকৃত আলোচনার পরিবেশ তৈরি হবে না।

এই আশঙ্কা অবশ্য অমূলক নয়। ট্রাম্পের অতীত কর্মকাণ্ডে দেখা গেছে, তিনি কর্তৃত্ববাদী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী। অন্যদিকে, অনেক সময় গণতান্ত্রিক মিত্রদের স্বার্থ উপেক্ষা করেন।

তাই শি ও পুতিনের সঙ্গে বৈঠকে বসলে ইউরোপ ও এশিয়ার মিত্রদের স্বার্থ রক্ষা করাই হবে ট্রাম্পের বড় পরীক্ষা। তবে তিন নেতার ব্যক্তিত্ব, রাজনৈতিক লক্ষ্য ও জাতীয় স্বার্থের সংঘাত বিবেচনায় নিলে বড় কোনো অগ্রগতি অর্জনও কঠিন হতে পারে।

তারপরও বৈঠকটি হওয়া উচিত। কারণ চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক আগে কখনো হয়নি। এমন একটি বৈঠক অন্তত দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব কমাতে পারে। শুরু হতে পারে প্রয়োজনীয় সংলাপ।

যদিও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা রাতারাতি বিলুপ্ত হবে না। গণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোকে তাই পাশাপাশি বসবাস করতে শিখতে হবে। একই সঙ্গে বৈশ্বিক সংঘাত কমাতে এবং অভিন্ন সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করতে হবে।

চীন ও রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বিস্তারের নীতির সঙ্গে সাংঘর্ষিক। তবু তাদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার পথ খোলা রাখা জরুরি। সেই বিবেচনায় ট্রাম্পের এই উদ্যোগকে সাহসী কূটনৈতিক পদক্ষেপই বলা যায়।

বড় সমাধান নয়, লক্ষ্য হোক সীমিত অগ্রগতি

শেনজেনে বৈঠক হলে ট্রাম্প, শি ও পুতিনের উচিত হবে আলোচনার পরিধি সীমিত রাখা। একসঙ্গে সব সমস্যার সমাধান করতে যাওয়ার বদলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়া দরকার।
এর মধ্যে রয়েছে কোরীয় উপদ্বীপের উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ।

বৈঠক থেকে বড় কোনো চুক্তি না এলেও সেটি পুরোপুরি ব্যর্থ হবে না। বরং তিন পরাশক্তির মধ্যে নিয়মিত আলোচনার একটি ভিত্তি তৈরি হতে পারে। ভবিষ্যতে তাদের উত্তরসূরিরা সেই পথ ধরে সহযোগিতার পরিসর বাড়াতে পারবেন।

এটি হবে পরাশক্তিগুলোর একটি অনানুষ্ঠানিক সমন্বয়ব্যবস্থা। উদ্দেশ্য হবে ভূরাজনৈতিক প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বে সম্মিলিত উদ্যোগকে এগিয়ে নেওয়া। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি এতে ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিদেরও রাখা যেতে পারে।

এ ধরনের ব্যবস্থায় সব রাষ্ট্রের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব নয়। বরং যেসব রাষ্ট্রকে বাদ দিয়ে বৈশ্বিক সিদ্ধান্ত কার্যকর করা কঠিন, তাদেরই আলোচনার টেবিলে জায়গা দিতে হবে। এখানে আদর্শগত পার্থক্য বড় বাধা হওয়া উচিত নয়। গণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী রাষ্ট্র—উভয়কেই অভিন্ন স্বার্থে কাজ করতে হবে।

এই কাঠামোর সবচেয়ে বড় সুবিধা হলো, এতে বাধ্যতামূলক চুক্তি বা কঠোর আইনি প্রক্রিয়ার প্রয়োজন নেই। পারস্পরিক সমঝোতা ও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো প্রতিষ্ঠান যখন অচল হয়ে পড়ে, তখন এমন ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন নিয়মভিত্তিক বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আগ্রহ হারায়, তখন এমন উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তবে এখনই বৈশ্বিক পরাশক্তি-সমন্বয় কাঠামো গড়ে তোলার সময় আসেনি। এ ধরনের ব্যবস্থা কার্যকর হতে হলে সদস্য রাষ্ট্রগুলোকে বিদ্যমান ভৌগোলিক সীমানা মেনে নিতে হবে। কৌশলগত সংযম দেখাতে হবে। পারস্পরিক স্বার্থে কাজ করতে হবে। বিরোধের সমাধান করতে হবে কূটনৈতিক পথে।

কিন্তু ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং চীনের পক্ষ থেকে মস্কোকে সমর্থন সেই সম্ভাবনাকে অনেকটাই নষ্ট করেছে। অন্যদিকে, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি যৌথ উদ্যোগের বদলে একতরফা সিদ্ধান্তকে গুরুত্ব দেয়।

অর্থাৎ, বর্তমান তিন নেতা এমন একটি বৈশ্বিক কাঠামো গড়ে তোলার জন্য উপযুক্ত নন। তবু ট্রাম্পের ব্যতিক্রমী কূটনীতি ভবিষ্যতের জন্য একটি পথ তৈরি করছে। গত বছর পুতিনের সঙ্গে আলাস্কায় এবং চলতি বছর শির সঙ্গে তার দুটি বৈঠক হয়েছে। এসব বৈঠকে আড়ম্বর ছিল বেশি, বাস্তব অর্জন ছিল কম।
এরপরও চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্টদের জন্য এ ধরনের কূটনৈতিক যোগাযোগ রাজনৈতিকভাবে সহজ হবে। বিশ্বকে বড় ধরনের সংঘাত থেকে রক্ষা করতে হলে যুক্তরাষ্ট্রকে চীন ও রাশিয়া—উভয়ের সঙ্গেই কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে। এই সংলাপ শুরু করার কৃতিত্ব তাই ট্রাম্পের প্রাপ্য।

যুদ্ধের উত্তাপ কমাতে তিন নেতার ভূমিকা

শেনজেন বৈঠকে তিন নেতার প্রথম লক্ষ্য হওয়া উচিত গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ অঞ্চলে উত্তেজনা কমানো। এ ক্ষেত্রে কোরীয় উপদ্বীপ সবচেয়ে ভালো সম্ভাবনা তৈরি করতে পারে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি উচ্চাভিলাষী পরিকল্পনা তুলে ধরেন।

তার প্রস্তাবের অন্যতম দিক হলো, ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে একটি স্থায়ী শান্তিব্যবস্থা প্রতিষ্ঠা করা। এর ভিত্তি হবে দুই দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি পারস্পরিক সম্মান এবং মতপার্থক্য মেনে নেওয়া।

লি উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রেও ধাপে ধাপে এগোনোর পক্ষে। প্রথমে দেশটির পারমাণবিক অস্ত্র উন্নয়ন কার্যক্রম বন্ধ করতে হবে। এরপর ধীরে ধীরে পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমিয়ে আনতে হবে। চূড়ান্ত লক্ষ্য হবে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করা।

এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার স্বার্থ এক জায়গায় মিলতে পারে। ট্রাম্প নিজেও কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে আগ্রহী। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের চেষ্টাও করছেন তিনি। অন্যদিকে, বেইজিং ও মস্কো কিমের ওপর নিজেদের প্রভাব বাড়াতে প্রতিযোগিতা করলেও দুই কোরিয়ার মধ্যে স্থিতিশীল সম্পর্ক চায়।

তাই তিন নেতা একসঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ এবং সিউল-পিয়ংইয়ং সংলাপ এগিয়ে নেওয়ার উদ্যোগ নিতে পারেন। শেনজেন বৈঠক থেকে লির শান্তি পরিকল্পনা বাস্তবায়নের একটি রূপরেখা নিয়ে বের হওয়াই হবে ভালো সূচনা।

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প

শেনজেন বৈঠকে ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে ইরান যুদ্ধের অবসান ঘটানো। এই সংঘাত যুক্তরাষ্ট্রকে ক্রমেই জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে। বিশ্ববাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী।

যুদ্ধ বন্ধের বিষয়ে কঠোর ও উচ্চাভিলাষী শর্ত দিচ্ছে তেহরান। একই সঙ্গে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প। কিন্তু চীন ও রাশিয়া এখন পর্যন্ত তাকে সহযোগিতা করতে আগ্রহ দেখায়নি। চীন ইরানের তেল কিনছে। দেশটিকে সামরিক গোয়েন্দা তথ্য ও দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তিও সরবরাহ করছে। এসব প্রযুক্তি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে, রাশিয়া ইরানকে স্যাটেলাইটভিত্তিক লক্ষ্য নির্ধারণের তথ্য, গোলাবারুদ, উন্নত ড্রোন প্রযুক্তি ও সরবরাহ সহায়তা দিচ্ছে। ওয়াশিংটন যখন এই যুদ্ধে ব্যস্ত, তখন বেইজিং ও মস্কো উভয়েই রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভক্তি বাড়ছে। ন্যাটোর ঐক্যও দুর্বল হচ্ছে।

ইরানকে সহায়তা বন্ধ করতে রাশিয়াকে রাজি করানো কঠিন হতে পারে। কারণ তেলের দাম বেড়ে যাওয়ায় মস্কো সরাসরি লাভবান হচ্ছে। কিন্তু চীনের স্বার্থ ভিন্ন। চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানির দাম কমানো বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীনের বড় তেল মজুদ এতদিন দেশটির অর্থনীতিকে কিছুটা সুরক্ষা দিয়েছে। কিন্তু সেই মজুদ উল্লেখযোগ্যভাবে কমেছে। এরই মধ্যে দেশটির অপরিশোধিত তেল আমদানি আবার বাড়তে শুরু করেছে।

দীর্ঘদিন যুদ্ধ চললে চীনের অর্থনীতিও উচ্চ জ্বালানিমূল্যের চাপে পড়বে। বিশ্বের সবচেয়ে বড় পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়াও বেইজিংয়ের জন্য ক্ষতিকর।

তাই ইরান যুদ্ধ বন্ধে সহযোগিতা করতে শি আগ্রহী হতে পারেন। ট্রাম্পের উচিত শিকে ইরানে চীনা প্রযুক্তি সরবরাহ বন্ধ, অথবা অন্তত কমানোর আহ্বান জানানো। ওয়াশিংটনের নৌ-অবরোধ এবং আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা এরই মধ্যে ইরানের অর্থনীতি ও সামরিক সরবরাহব্যবস্থায় চাপ তৈরি করেছে।

চীন প্রযুক্তি সরবরাহ বন্ধ করলে ইরান আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে তেহরানকে আলোচনার টেবিলে আনাও সহজ হতে পারে। শি আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি ইরানকে যুদ্ধ বন্ধের অবাস্তব শর্তগুলো থেকে সরে আসতে রাজি করাতে পারেন।

যুক্তরাষ্ট্রের সব সেনা উপসাগরীয় অঞ্চল থেকে প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ফেরত এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে তেহরান।

ওয়াশিংটন অর্থনৈতিক ছাড় দিতে রাজি হতে পারে। তবে সেটি হতে হবে যুদ্ধ-পরবর্তী আলোচনার অংশ। বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে কার্যকর সমঝোতা প্রয়োজন। ইরানকে বাস্তবসম্মত শর্তে যুদ্ধ বন্ধে রাজি করাতে শি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন করে আলোচনা জরুরি
চলমান যুদ্ধগুলো নিয়ন্ত্রণের পাশাপাশি ভবিষ্যতের বড় সংঘাত ঠেকানোর উদ্যোগও নিতে হবে। এ ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে করা সব অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

সর্বশেষ পারমাণবিক চুক্তি ‘নিউ স্টার্ট’-এরও অবসান হয়েছে গত ফেব্রুয়ারিতে। ফলে এখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের মজুদের ওপর কোনো কার্যকর সীমা নেই। নিয়মিত পরিদর্শন, তথ্য বিনিময় কিংবা পারমাণবিক সামরিক মহড়ার আগাম বিজ্ঞপ্তির ব্যবস্থাও নেই।

এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার পারমাণবিক হামলার হুমকি এবং ন্যাটোর আকাশসীমায় বিস্ফোরকবাহী ড্রোন পাঠানোর মতো উসকানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

গত অক্টোবরে ট্রাম্প যথার্থভাবেই প্রস্তাব করেছিলেন, তিন নেতার বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়া উচিত। চীন অবশ্য দীর্ঘদিন ধরে এ ধরনের আলোচনায় অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। তাই সমানভাবে অস্ত্র সীমিত করার বাধ্যবাধকতা তাদের ওপর চাপানো উচিত নয়।

কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। চীন তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে। পেন্টাগনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের কার্যকর পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের হাতে রয়েছে প্রায় ১ হাজার ৮০০টি করে কার্যকর ওয়ারহেড।

অর্থাৎ, চীনও দ্রুত পারমাণবিক শক্তির প্রতিযোগিতায় বড় অবস্থান তৈরি করছে। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অনিশ্চয়তা, কোরীয় উপদ্বীপের উত্তেজনা এবং তাইওয়ান নিয়ে বিরোধ—সব মিলিয়ে পূর্ব এশিয়ায় সংঘাতের ঝুঁকি বাড়ছে।

এ অবস্থায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনায় চীনের অংশগ্রহণ অপরিহার্য। বাস্তবে ট্রাম্পের পক্ষে এখনই বড় কোনো চুক্তি করানো সম্ভব হবে না। তবে তিনি আলোচনা শুরু করতে পারেন। শি ও পুতিনকে ভবিষ্যতে কূটনীতিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের নেতৃত্বে নিয়মিত ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানাতে পারেন।

ভবিষ্যতের আলোচনায় শুধু পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়টি থাকলেই চলবে না। সামরিক যোগাযোগ, সংকট মোকাবিলার প্রটোকল, সামরিক মহড়ার আগাম বিজ্ঞপ্তি এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের মতো বিষয়ও অন্তর্ভুক্ত করতে হবে। এসব উদ্যোগই বড় শক্তিগুলোর মধ্যে কৌশলগত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

পুতিনকে স্বাভাবিক স্বীকৃতি দেওয়ার সময় এখনো আসেনি
বৈঠকের কূটনৈতিক দৃশ্যপট বা বার্তাও ট্রাম্পকে সতর্কতার সঙ্গে সামলাতে হবে। পুতিন এখনো ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এমন একজন নেতাকে এখনই স্বাভাবিক আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার সময় আসেনি।

অন্যদিকে, চীনের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে। কিন্তু শির সঙ্গে ট্রাম্পের কথিত ‘অসাধারণ বন্ধুত্ব’ থেকে এখন বাস্তব ফল পাওয়ার সময়।

তাই আলোচনায় ট্রাম্পকে আবেগ নয়, বাস্তবতা ও কৌশলগত স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তাকে দেখাতে হবে, ওয়াশিংটন, বেইজিং ও মস্কো মতাদর্শগত পার্থক্য সত্ত্বেও বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করতে পারে।

শেনজেনে তিন নেতার সম্ভাব্য বৈঠক রাতারাতি পরাশক্তিগুলোর মধ্যে সহযোগিতার নতুন যুগ শুরু করবে না। এমনকি সুনির্দিষ্ট কোনো চুক্তি বা অর্জন ছাড়াও বৈঠক শেষ হতে পারে।

এমন পরিস্থিতিতে মতাদর্শগত বিরোধের ঊর্ধ্বে উঠে আলোচনার বিকল্প নেই। ট্রাম্প, শি ও পুতিন যদি এক টেবিলে বসেন, সেটিই হবে প্রয়োজনীয় এক নতুন কূটনৈতিক যাত্রার শুরু।

ফরেন অ্যাফেয়ার্স থেকে অনুদিত, লেখক : চার্লস কাপচান, জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ গবেষক


ডোনাল্ড ট্রাম্পচীনের প্রেসিডেন্ট শি জিনপিংপ্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনএপেক সম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে