লোকসভার আসন বাড়াতে ‘মেগা ছক’
এপ্রিলের ধাক্কার পরও কিভাবে বদলাল ভারতের সংসদের অঙ্ক?
- মমতা শিবিরের ভাঙ্গন, স্ট্যালিন ও শরদ পওয়ারের অবস্থান বদলেই কি সংসদে সুবিধাজনক জায়গায় কেন্দ্র?

ছবি: রয়টার্স
সংসদে একবার ধাক্কা খেয়েও হাল ছাড়েনি কেন্দ্র। বরং এপ্রিলের পরাজয় থেকে শিক্ষা নিয়ে আসন পুনর্বিন্যাসের বিল পাস করাতে নতুন করে রাজনৈতিক অঙ্ক সাজিয়েছে মোদি সরকার। এবার বিরোধী শিবিরের একাধিক দলের অবস্থান বদল এবং তৃণমূলের ভাঙন ঘিরে অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি। কিন্তু প্রশ্ন হলো, সংসদে সত্যিই কি প্রয়োজনীয় সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে সরকার? নাকি বিরোধীদের মধ্যে মতপার্থক্যকেই নিজেদের সুবিধায় কাজে লাগাতে চাইছে মোদি-শাহ জুটি?
গত এপ্রিলে লোকসভায় সংবিধান সংশোধনী বিলের পক্ষে ২৯৮টি ভোট পড়েছিল। বিপক্ষে ২৩০। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় আটকে যায় সরকারের পরিকল্পনা। সেই ধাক্কার পরই বিরোধীদের আপত্তির জায়গাগুলো নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করে কেন্দ্র। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোর আশঙ্কা দূর করতে সংশোধিত প্রস্তাবে প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যগুলোর মধ্যে লোকসভায় প্রতিনিধিত্বের আপেক্ষিক অনুপাত বজায় রাখার আশ্বাসও দিয়েছে সরকার।
এই পরিবর্তনের ফলে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ডিএমকের অবস্থান বদলেছে। আগে যে দল আসন পুনর্বিন্যাসের বিরোধিতায় সরব ছিল, তারাই এখন কেন্দ্রের প্রস্তাবকে সমর্থন করছে। রাজনৈতিকভাবে এর গুরুত্ব যথেষ্ট। কারণ কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ঐক্য গড়ার চেষ্টা চললেও ডিএমকে আলাদা অবস্থান নিয়েছে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর আসন সমঝোতা নিয়ে মতপার্থক্য এবং কংগ্রেসের সঙ্গে সাম্প্রতিক দূরত্বও এই সমীকরণকে প্রভাবিত করছে। ফলে সংসদে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একক অবস্থান তৈরি করা আরও কঠিন হয়ে উঠেছে। বিশেষত, দীর্ঘদিনের বন্ধু স্ট্যালিনের হাত ছেড়ে নতুন টিভিকের সঙ্গে কংগ্রেসের জোট ধাক্কা দিয়েছিল স্ট্যালিনকে। তারপরই স্ট্যালিনের ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক খারাপ হয়।
শুধু ডিএমকে নয়, শারদ পাওয়ারের এনসিপির (এসপি) অবস্থানও কেন্দ্রের কাছে গুরুত্বপূর্ণ। দলের আটজন সাংসদের সমর্থনের সম্ভাবনা সরকারের অঙ্ককে এগিয়ে দিয়েছে। এই পর্বে প্রফুল্ল প্যাটেলের ভূমিকাও আলোচনায়। অজিত পাওয়ার শিবিরের এই নেতা প্রকাশ্যেই শারদ পাওয়ারকে এনডিএতে আসার প্রস্তাব দিয়েছেন। দুই পাওয়ার শিবিরের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়লে মহারাষ্ট্রের রাজনীতিতেও তার প্রভাব পড়তে পারে। তবে আসন পুনর্বিন্যাসের বিলে সমর্থন মানেই শারদ পাওয়ারের বিজেপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা, এমনটি ধরে নেওয়ার কারণ নেই। তবে এই বিলকে সমর্থনের পর শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া শূলে কেন্দ্রে মন্ত্রী হতে পারেন— এমন আলোচনাও চলছে। মহারাষ্ট্রের রাজনীতিতে ফের এনসিপি জোট এক হয়ে পাওয়ারকে ফের পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে পারে।
অন্যদিকে, তৃণমূল ছেড়ে সুদীপ, কাকুলি, দেব, শতাব্দীদের মতো ২০ জন হেভিওয়েট সাংসদের বেরিয়ে আসাও সংসদের অঙ্কে নতুন মাত্রা যোগ করেছে। তাদের সমর্থন সরকারের পক্ষে গেলে বিরোধী শিবিরের শক্তি কমবে। তবে দলবদল-সংক্রান্ত প্রক্রিয়া এবং স্পিকারের সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে।
বর্তমান সম্ভাব্য হিসাব অনুযায়ী, লোকসভায় সরকারের পক্ষে প্রায় ৩৫৪টি ভোটের সমর্থন মিলতে পারে। কিন্তু সব সাংসদ ভোট দিলে প্রয়োজন ৩৬০। অর্থাৎ এখনো ছয়টি ভোটের ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রের ভরসা সাতজন নির্দল সাংসদের ভোট। আবার লালুপ্রসাদ যাদবের আরজেডি থেকেও বেশ কিছু সাংসদ বিলের পক্ষে ভোট দিতে পারেন বা অনুপস্থিত থাকতে পারেন বলেও জল্পনা রয়েছে। রাজ্যসভায়ও একইভাবে প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে।
এই পরিস্থিতিতে বিরোধী ঐক্য ফের মজবুত করতে উদ্যোগী কংগ্রেস। স্ট্যালিন ও শারদ পাওয়ারের সঙ্গে আলোচনা করে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু জাতীয় রাজনীতিতে বিজেপির বিরোধিতা আর রাজ্যভিত্তিক রাজনৈতিক স্বার্থ— দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা যে বিরোধী দলগুলোর পক্ষে কঠিন হয়ে উঠছে, তা স্পষ্ট।
এপ্রিলের পরাজয়ের পর মোদি-শাহর রাজনৈতিক কৌশলের মূল লক্ষ্য তাই শুধু নিজেদের ভোট বাড়ানো নয়, বিরোধীদের একজোট হওয়ার সম্ভাবনাও দুর্বল করা। শেষ পর্যন্ত বিল পাস হবে কি না, তা নির্ভর করবে সংসদের ভোটাভুটির ওপর। তবে একটি বিষয় পরিষ্কার, আসন পুনর্বিন্যাস ঘিরে লড়াই এখন আর শুধু সংবিধান সংশোধনের মধ্যে আটকে নেই। এর সঙ্গে জড়িয়ে গেছে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ এবং আঞ্চলিক দলগুলোর ক্ষমতার সমীকরণও।



